যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই চায় না হুথিরা: ট্রাম্প

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতে জড়াতে চায় না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ভাষ্য, ওয়াশিংটনের সঙ্গে হুথিদের নিয়মিত যোগাযোগ রয়েছে এবং তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই না করার কথা জানিয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (২০ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। ফক্স নিউজের সাংবাদিক ট্রেই ইংস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, হুথিরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করতে চায় না এবং মার্কিন বাহিনী যেন তাদের ওপর হামলা না চালায়—এটাই তাদের প্রত্যাশা।
এর আগে গত ১২ সেপ্টেম্বর আয়ারল্যান্ড সফরের সময়ও একই ধরনের বক্তব্য দিয়েছিলেন ট্রাম্প। তখন তিনি বলেছিলেন, হুথিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছে যে তারা মার্কিন বাহিনীর সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না এবং যুক্তরাষ্ট্রও যেন তাদের ওপর হামলা না চালায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ট্রাম্পের নতুন বক্তব্য এমন সময়ে এলো, যখন সৌদি আরবের সঙ্গে হুথিদের সংঘাত আরও তীব্র হয়েছে। সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ হামলার পর যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে, সৌদি আরব ও হুথিদের মধ্যকার সংঘাত দ্রুত আরও ছড়িয়ে পড়তে পারে।
ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র এখনো জড়ায়নি। তবে ওয়াশিংটন সৌদি আরবকে সামরিক ও গোয়েন্দা সহায়তা দিচ্ছে। এদিকে সৌদি আরব হুথিদের বিরুদ্ধে সরাসরি মার্কিন সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
ইয়েমেনে হুথিদের সঙ্গে সৌদি-সমর্থিত বাহিনীর সংঘাতের পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেও উত্তেজনা চলছে। ট্রাম্প এরই মধ্যে ইরান নিয়ে বড় সিদ্ধান্ত সামনে আসার কথা জানিয়েছেন। একই সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের পরবর্তী পদক্ষেপ নিয়ে ওয়াশিংটনে আলোচনা চলছে।
বিজ্ঞাপন
হুথিরা ইয়েমেনের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ ধরে রেখেছে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সমর্থিত বাহিনীর সঙ্গে তাদের দীর্ঘদিনের সংঘাত চলছে। সৌদি আরব ওই সরকারের পক্ষে সামরিক জোটের নেতৃত্ব দিচ্ছে।
তবে ট্রাম্পের দাবির বিষয়ে হুথিদের পক্ষ থেকে এ বক্তব্যের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।








