এক দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি জিনপিং, অভ্যর্থনা জানাবেন ট্রাম্প

এক দশকেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বিরল মৃত্তিকা ধাতুর সরবরাহ এবং পারস্পরিক শুল্ক কমানোর মতো বিষয় আলোচনায় গুরুত্ব পাবে।
বিজ্ঞাপন
মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, আগামী বুধবার ওয়াশিংটনের বাইরে অবস্থিত জয়েন্ট বেস অ্যান্ড্রিউসে শি জিনপিংয়ের বিমান অবতরণ করবে। সেখানে তাকে স্বাগত জানাতে ডোনাল্ড ট্রাম্প নিজেই উপস্থিত থাকবেন। বিদেশি রাষ্ট্রপ্রধানকে বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্টের সরাসরি অভ্যর্থনা জানানো তুলনামূলকভাবে বিরল ঘটনা।
সফরের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে বৃহস্পতিবার। হোয়াইট হাউসের স্টেট ফ্লোরে শি জিনপিং ও তার স্ত্রী পেং লিউয়েনকে স্বাগত জানাবেন ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এরপর রোজ গার্ডেনে সামরিক গার্ড অব অনার পরিদর্শন শেষে দুই নেতা বৈঠকে বসবেন। একই সময়ে পেং লিউয়েন ও মেলানিয়া ট্রাম্প পৃথক কর্মসূচিতে অংশ নেবেন।
বৃহস্পতিবার রাতে চীনা প্রতিনিধিদলের সম্মানে হোয়াইট হাউসের ইস্ট রুমে রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও ব্যবসা খাতের শীর্ষ ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। অতিথি তালিকায় রয়েছেন আমাজনের জেফ বেজোস, গুগলের সুন্দর পিচাই, ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান, অ্যাপলের টিম কুক, টেসলার ইলন মাস্ক, এনভিডিয়ার জেনসেন হুয়াং, ডেল টেকনোলজিসের মাইকেল ডেল ও সিটিগ্রুপের জেন ফ্রেজার।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
হোয়াইট হাউসের নির্মাণাধীন নতুন বলরুমের কাজ শেষ না হওয়ায় নৈশভোজে অতিথির সংখ্যা সীমিত রাখা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
শুক্রবার সফরের শেষ দিনে শি জিনপিং ও পেং লিউয়েন ট্রাম্প দম্পতির সঙ্গে ব্যক্তিগত চা-চক্রে অংশ নেবেন। এরপর যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে তারা ন্যাশনাল আর্কাইভস পরিদর্শন করবেন। সেখানে যুক্তরাষ্ট্রের ইতিহাস ও প্রতিষ্ঠাকালীন গুরুত্বপূর্ণ নথি সংরক্ষিত রয়েছে।
বিজ্ঞাপন
শি জিনপিংয়ের রাষ্ট্রীয় সফরের আগে দুই দেশের অর্থনৈতিক কর্মকর্তারাও আলোচনায় বসছেন। নিউইয়র্কে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট চীনের ভাইস প্রিমিয়ার হি লিফেংয়ের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় এআই, বিরল মৃত্তিকা ধাতুর সরবরাহ এবং বাণিজ্যিক বিষয়গুলো গুরুত্ব পাবে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারও আলোচনায় অংশ নেবেন।
বিরল মৃত্তিকা ধাতু স্মার্টফোন থেকে শুরু করে যুদ্ধবিমানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও শিল্পপণ্যে ব্যবহৃত হয়। এ বিষয়ে চীনের সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়টি আলোচনায় থাকলেও, এর বিনিময়ে যুক্তরাষ্ট্র নিজেদের রপ্তানি নিয়ন্ত্রণ শিথিল করবে—এমন সম্ভাবনা কম বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এর আগে চলতি বছরের মে মাসে চীন সফর করেছিলেন ট্রাম্প। সে সময় শি জিনপিংয়ের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা জানানো হয়। অন্যদিকে, শি জিনপিং সর্বশেষ ২০১৫ সালের সেপ্টেম্বরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফর করেছিলেন।








