আর্থিক প্রতারণা: গ্রেপ্তার পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ইন্দ্রনীল সেন

পশ্চিমবঙ্গের সাবেক তথ্য ও সংস্কৃতিমন্ত্রী এবং সংগীতশিল্পী ইন্দ্রনীল সেনকে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। বুধবার বিকেলে সল্টলেক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
এদিন দুপুরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আঞ্চলিক কার্যালয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে আসেন ইন্দ্রনীল সেন। প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যায় সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে এলে তাঁকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের সদস্যরা। পরে তাঁকে লালবাজারে কলকাতা পুলিশের সদর দপ্তরে নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউনেস্কোর নাম ব্যবহার করে দুর্গাপূজায় টিকিট বিক্রির নামে ‘মাস-আর্ট’ নামের একটি সংস্থার মাধ্যমে কোটি কোটি রুপির দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পৃথকভাবে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও কলকাতা পুলিশ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জানা গেছে, এ ঘটনায় ৫০ থেকে ৬০ কোটি রুপির দুর্নীতির অভিযোগ রয়েছে। ২০২২ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী মধুছন্দা সেন ‘মাস-আর্ট’ সংস্থাটি গড়ে তোলেন। অভিযোগ রয়েছে, সংস্থাটি নিজেদের ইউনেস্কোর আনুষ্ঠানিক অংশীদার হিসেবে দাবি করত। কলকাতার ২৪টি দুর্গাপূজার মণ্ডপের প্রিভিউ শো দেখানোর নামে চড়া দামে টিকিট বিক্রি করা হয়। এ অভিযোগে সাবেক মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
বিষয়টি নিয়ে কলকাতা পুলিশ ইন্দ্রনীল সেনকে একাধিকবার নোটিশ দিলেও তিনি হাজিরা এড়িয়ে যান বলে জানা গেছে। বুধবার ইডির কার্যালয়ে ইন্দ্রনীলের যাওয়ার খবর পেয়ে সেখানে উপস্থিত হন কলকাতা পুলিশের সদস্যরা। ইডির জিজ্ঞাসাবাদ শেষে বাইরে বেরিয়ে এলে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সাবেক মন্ত্রীর গ্রেপ্তারের বিষয়ে রাজ্য সরকারের সচিবালয় নবান্নে আয়োজিত সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “যারা তাকে গ্রেফতার করেছেন, নিশ্চয়ই তথ্য-প্রমাণের ভিত্তিতে করেছেন। তথ্য-প্রমাণ পাওয়ার মধ্য দিয়ে তারা তাদের আইনগত কাজ করেছে, তা নিয়ে আমার বলার কিছু নেই।”








