Logo

ইসরায়েলে ৮৫.৬ শতাংশ ভোট গণনা শেষ, কোন দল কত আসনে এগিয়ে?

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর, ২০২৬, ১৯:৩৫
ইসরায়েলে ৮৫.৬ শতাংশ ভোট গণনা শেষ, কোন দল কত আসনে এগিয়ে?
ছবি: সংগৃহীত

ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের হালনাগাদ ফল অনুযায়ী, ৮৫ দশমিক ৬ শতাংশ ভোট গণনা শেষে নেতানিয়াহুর জোট ৫৩টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, আইজেনকোটের জোট পেয়েছে ৪৮টি আসন। আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন। ভোট গণনা এখনো শেষ হয়নি। ফলে চূড়ান্ত ফলাফলে আসনসংখ্যায় পরিবর্তন আসতে পারে।

বিজ্ঞাপন

ইসরায়েলের পার্লামেন্টে মোট আসন ১২০টি। সরকার গঠন করতে হলে কোনো দল বা জোটকে অন্তত ৬১টি আসনে জয় পেতে হবে। তবে বর্তমান ফলাফলে দেখা যাচ্ছে, কোনো জোটই সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। এ পরিস্থিতিতে সরকার গঠনে আরব দলগুলোর ওপর নির্ভরশীলতা বাড়তে পারে।

২০১৯ সালের পর ষষ্ঠবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দিয়েছেন ইসরায়েলের নাগরিকেরা। গত কয়েক বছর ধরে নেতানিয়াহুর শিবির কিংবা তাঁর বিরোধীরা—কেউই স্থিতিশীল সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি।

ইসরায়েলে এখন পর্যন্ত কোনো একক দল এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পায়নি। নির্ধারিত সময়ের মধ্যে জোট সরকার গঠন করা না গেলে আবারও নির্বাচন আয়োজন করতে হয়।

বিজ্ঞাপন

২০১৯ সালে অ্যাভিগডর লিবারম্যান নেতানিয়াহুর জোটে যোগ দিতে অস্বীকৃতি জানান। অতি-গোঁড়া ইহুদি তরুণদের সেনাবাহিনীতে নিয়োগসংক্রান্ত একটি বিল অপরিবর্তিতভাবে পাস করার শর্ত দিয়েছিলেন তিনি। এর ফলে ওই বছরের সেপ্টেম্বরে দ্বিতীয়বার নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে সেই নির্বাচনেও কোনো পক্ষ সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

২০২০ সালে তৃতীয় দফা নির্বাচনের পর নেতানিয়াহু ও বেনি গান্টজের নেতৃত্বে জাতীয় ঐক্যের সরকার গঠিত হয়। তবে বাজেট পাস করতে ব্যর্থ হওয়ায় ওই বছরের ডিসেম্বরে সরকারটির পতন ঘটে।

২০২১ সালে নাফতালি বেনেট ও ইয়ার লাপিদের নেতৃত্বে আট দলের একটি জোট সরকার গঠন করে। নেতানিয়াহুর শাসনের অবসান ঘটানোই ছিল জোটটির প্রধান অভিন্ন লক্ষ্য। ওই সরকার নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। কিন্তু জোটের কয়েকজন সদস্য সরে যাওয়ায় সরকারটি সংখ্যাগরিষ্ঠতা হারায়। এক বছর পর পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়।

বিজ্ঞাপন

২০২২ সালে আবার ক্ষমতায় ফেরেন নেতানিয়াহু। এরপর তিনি পুরো মেয়াদ দায়িত্ব পালন করেন।

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD