Logo

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১ হাজার ৫২১ প্রার্থী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ জুন, ২০২৬, ১৮:১৫
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১ হাজার ৫২১ প্রার্থী
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। প্রকাশিত ফলাফলে মোট ১ হাজার ৫২১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৩২০ জনকে বিভিন্ন ক্যাডার পদে এবং ২০১ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২৮ জুন) পিএসসির ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করা হয়।

চূড়ান্ত ফল অনুযায়ী, উত্তীর্ণদের মধ্য থেকে বিভিন্ন সরকারি দপ্তরে ক্যাডার ও নন-ক্যাডার পদে নিয়োগের প্রক্রিয়া সংশ্লিষ্ট বিধি অনুযায়ী সম্পন্ন হবে।

বিজ্ঞাপন

এর আগে ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন। পরে ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষ হওয়ার মাত্র নয় দিনের মধ্যে ফলাফল প্রকাশ করে দ্রুততম সময়ে প্রিলিমিনারির ফল ঘোষণার নজির স্থাপন করে পিএসসি।

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষা ২০২৫ সালের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত দেশের আটটি বিভাগীয় শহর—ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে অনুষ্ঠিত হয়।

এরপর চলতি বছরের ৭ এপ্রিল লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ওই ফলাফলে সাময়িকভাবে ৩ হাজার ৬৩১ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হন। ভাইভা শেষে চূড়ান্তভাবে ১ হাজার ৫২১ জনকে সফল প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

৪৭তম বিসিএসের মূল বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিয়োগ কার্যক্রমের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৩ হাজার ৪৮৭টি ক্যাডার পদ এবং ২০১টি নন-ক্যাডার পদ অন্তর্ভুক্ত রয়েছে।

চূড়ান্ত ফলাফল ও উত্তীর্ণ প্রার্থীদের বিস্তারিত তালিকা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থীরা সেখানে গিয়ে নিজেদের ফলাফল এবং পরবর্তী নির্দেশনা দেখতে পারবেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD