Logo

আজ বিশ্ব সাইকেল দিবস

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ জুন, ২০২৬, ১২:১৪
আজ বিশ্ব সাইকেল দিবস
ছবি: সংগৃহীত

আজ ৩ জুন, বিশ্ব সাইকেল দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন সাইক্লিং ও সাইকেল রাইড সংগঠন নানা আয়োজন হাতে নিয়েছে। সচেতনতা বৃদ্ধি, পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা প্রচার এবং স্বাস্থ্যকর জীবনধারার বার্তা পৌঁছে দিতে এসব কর্মসূচি পালন করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিশ্ব সাইকেল দিবসের মূল উদ্দেশ্য হলো সাইকেলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষকে সচেতন করা। সাইকেল এমন একটি সহজ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বাহন, যা সমাজের ধনী-গরিব নির্বিশেষে প্রায় সবাই ব্যবহার করতে পারে। এটি যেমন ব্যক্তিগত যাতায়াতকে সহজ করে, তেমনি বায়ুদূষণ কমাতে এবং নগর জীবনের অন্যতম বড় সমস্যা যানজট নিরসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি নিয়মিত সাইকেল চালানো মানুষের শারীরিক সুস্থতা বজায় রাখতে সহায়ক এবং টেকসই পরিবহন ব্যবস্থার উন্নয়নেও অবদান রাখে।

বিশ্বব্যাপী সাইকেলের গুরুত্ব তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যুক্তরাষ্ট্রের অধ্যাপক লেসজেক সিবিলস্কি। তিনি সাইকেলের পক্ষে জনসচেতনতা তৈরির লক্ষ্যে একটি আন্তর্জাতিক প্রচারাভিযান শুরু করেন। তার অন্যতম লক্ষ্য ছিল জাতিসংঘের মাধ্যমে সাইকেলের গুরুত্ব স্বীকৃতি দিয়ে একটি আন্তর্জাতিক দিবস ঘোষণা করা।

বিজ্ঞাপন

এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে ২০১৫ সালে তিনি একটি একাডেমিক প্রকল্পের কাজ শুরু করেন। ধীরে ধীরে সেই প্রকল্প একটি বৈশ্বিক আন্দোলনের রূপ নেয়। বিশ্বের বিভিন্ন দেশ ও সংগঠনের সমর্থন লাভের পর বিষয়টি জাতিসংঘের নজরে আসে এবং সাইকেলের জন্য একটি আন্তর্জাতিক দিবস ঘোষণার পথ সুগম হয়।

অবশেষে ২০১৮ সালের ১২ এপ্রিল জাতিসংঘ সাধারণ পরিষদের ১৯৩টি সদস্য রাষ্ট্র সর্বসম্মতিক্রমে প্রতি বছরের ৩ জুনকে বিশ্ব সাইকেল দিবস হিসেবে ঘোষণা করে। এ প্রস্তাবের পক্ষে তুর্কমেনিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিশ্বের প্রায় ৫৬টি দেশ এর সহ-পৃষ্ঠপোষকতা করে। এরপর থেকে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উদযাপিত হয়ে আসছে।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্য সুরক্ষা এবং টেকসই নগরায়ণের জন্য সাইকেলের ব্যবহার আরও বাড়ানো প্রয়োজন। তাই বিশ্ব সাইকেল দিবস কেবল একটি আনুষ্ঠানিক দিবস নয়, বরং পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর জীবনযাপনের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করার একটি বৈশ্বিক উদ্যোগ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD