Logo

জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর, ২০২৫, ১২:২৩
জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই
ছবি: সংগৃহীত

খুব শিগগিরই জাতীয় ঐকমত্য কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দেবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

বিজ্ঞাপন

রবিবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ তথ্য জানান তিনি।

প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠকে জুলাই সনদের মূল বিষয়বস্তু, বাস্তবায়নের পথনকশা এবং রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজ্ঞাপন

সভায় কমিশনের কাজের সার্বিক অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি কমিশনের সদস্যদের ধন্যবাদ জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, “ঐকমত্য কমিশন দেশের প্রায় সব রাজনৈতিক দল থেকেই ইতিবাচক সহযোগিতা পেয়েছে। পাশাপাশি গণমাধ্যমগুলোর সমর্থন আমাদের কাজকে আরও শক্তিশালী করেছে।”

বৈঠকে কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল ও আদিলুর রহমান খানও বৈঠকে যোগ দেন।

বিজ্ঞাপন

কমিশন সূত্রে জানা গেছে, চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য সরকারের পক্ষ থেকে নতুন উদ্যোগ আসতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD