Logo

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হলেন শহিদুল আলম

profile picture
জনবাণী ডেস্ক
১০ অক্টোবর, ২০২৫, ১৮:০৫
ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হলেন শহিদুল আলম
ছবি: সংগৃহীত

ইসরায়েলি নৌ অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার আন্তর্জাতিক নৌবহর ‘ফ্রিডম ফ্লোটিলা’ অভিযানে অংশ নেওয়া বাংলাদেশি আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম অবশেষে মুক্তি পেয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে খুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মুক্তির পর শহিদুল আলমকে বহনকারী বিশেষ উড়োজাহাজটি তুরস্কের ইস্তাম্বুলে রওনা হয়েছে।

ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা বন্ধ এবং গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভাঙার প্রত্যয় নিয়ে যাত্রা করা ‘থাউজ্যান্ড ম্যাডলিনস’ অভিযানে অংশ নিয়েছিলেন শহিদুল আলম। গত বুধবার ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’-এর ৯টি নৌযানের এই বহরে আক্রমণ করে ইসরায়েলি সেনারা বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মীদের আটক করে। জাহাজে থাকা শতাধিক অধিকারকর্মীকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল ইসরায়েলের আশদোদ বন্দরে, যেখান থেকে পরে তাদের কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়।

এদিকে শহিদুল আলমকে মুক্ত করার এই উদ্যোগে সহযোগিতার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশেষভাবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার সকালে ড. মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছিল, ইসরায়েলের কারাগারে আটক শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় দ্রুত মুক্ত করার চেষ্টা চলছে। তাকে বিশেষ বিমানযোগে আঙ্কারায় নিয়ে আসার প্রক্রিয়া তদারকি করা হয়েছিল। এছাড়া বাংলাদেশ দূতাবাসগুলোকে জর্ডান, মিসর ও তুরস্কে অবস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখতে নির্দেশ দেওয়া হয়েছিল।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD