Logo

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে: পররাষ্ট্র উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:২২
নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন | ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার অংশগ্রহণ ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বিজ্ঞাপন

রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)-এর নির্বাচন রিপোর্টিং বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি বলেন, ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়েছিল। আমার মনে হয়, এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি তা ছাড়িয়ে যাবে।

বিজ্ঞাপন

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, কোন নির্বাচনে সম্পূর্ণভাবে ঝামেলা এড়ানো সম্ভব হয় না। তবে এখন পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়ায় কিছু ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হওয়া গুরুত্বপূর্ণ, যাতে মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

নির্বাচনকালীন সহিংসতা ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিদেশি প্রতিনিধিদের ইতিমধ্যেই অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, হ্যাঁ ভোট নিয়ে জনগণের মধ্যে কিছু দ্বিধা ছিল। তবে প্রধান রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। জামায়াত ও এনসিপি আগেই হ্যাঁ ভোটের সমর্থন জানিয়েছে, পরে বিএনপির চেয়ারম্যানও হ্যাঁ ভোটের পক্ষে মন্তব্য করেছেন।

বিজ্ঞাপন

তি‌নি আরও ব‌লেন, হ্যাঁ ভোটে মানুষ ভোট দেবে দলের কথা শুনে। এখন বড় বড় দলগুলো যেহেতু হ্যাঁ ভোটের পক্ষে বলেছে, হ্যাঁ ভোট খুব সহজেই হবে বলে আমার মনে হয়।

উপদেষ্টাদের কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু উপদেষ্টা ইতিমধ্যেই সাধারণ পাসপোর্টের পরিবর্তে কূটনৈতিক পাসপোর্ট পেয়েছেন এবং প্রয়োজনীয় ভিসা সংগ্রহ করেছেন। আমি এখনও পাসপোর্ট হস্তান্তর করি নি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, কর্মশালায় উপস্থিত ছিলেন জাতিসংঘ উন্নয়ন প্রোগ্রামের (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলা। ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবু হেনা ইমরুল কায়েস।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD