প্রবাসীদের ভোটে কোনো কারচুপির সুযোগ নেই: ইসি

নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্বে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, সততা ও নিরপেক্ষতা রক্ষায় কমিশন কঠোর অবস্থানে থাকবে, এবং বড় দল বা ছোট দলের ভেদাভেদ বিবেচনা করা হবে না। নির্দেশনার পরও যদি কোনো কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করেন, তার পরিণতি হবে কঠোর।
বিজ্ঞাপন
রোববার (১ ফেব্রুয়ারি) বরিশালের সার্কিট হাউসে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-কে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ডিজিটাল ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি।
ইসি সানাউল্লাহ প্রবাসীদের ভোট প্রক্রিয়ার নিরাপত্তা বিষয়ে বলেন, “প্রবাসীদের ভোটে কোনো কারচুপির সুযোগ নেই। ভোট প্রদানের সময় লাইভ ভেরিফিকেশন বাধ্যতামূলক, এবং ব্যবহৃত ব্যালটের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন।” তিনি জানান, প্রবাসীদের জন্য ব্যবহৃত ব্যালটে মোট ১১৯টি প্রতীক থাকবে, ফলে খাম খোলা ও সঠিকভাবে ভোট গণনায় তুলনামূলকভাবে বেশি সময় লাগবে।
বিজ্ঞাপন
ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার ছাড়া অন্য কর্মকর্তারা পেনসিল ব্যবহার করবেন। এছাড়া প্রতিটি আসনে ১০ জন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে ভোটে অনিয়ম রোধের জন্য কমিশন বিশেষভাবে সতর্ক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
একই সঙ্গে নির্বাচন পরিচালনায় নিয়োজিত কর্মকর্তাদের আপ্যায়ন বা আতিথেয়তা গ্রহণ থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছেন ইসি সানাউল্লাহ।








