Logo

রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৩৫
রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনের গণভোটকে ঘিরে পোস্টাল ব্যালটে ভোটদানে এবার নজিরবিহীন সাড়া মিলেছে। নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রবাসী বাংলাদেশি ও দেশের ভেতরের ডাকযোগে ভোটদানকারী মিলিয়ে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট ইতোমধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে জমা পড়েছে।

বিজ্ঞাপন

ইসি সচিবালয়ের বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত পরিসংখ্যান বলছে, মোট ৮ লাখ ৮৩ হাজার ৩৮৭টি পোস্টাল ব্যালট গ্রহণ করা হয়েছে। এর মধ্যে প্রবাসীদের পাঠানো ব্যালট রয়েছে ৪ লাখ ৪৪ হাজার ৪৩৬টি এবং দেশের অভ্যন্তরীণ ভোটারদের পাঠানো ব্যালট ৪ লাখ ৩৮ হাজার ৯৫১টি। সব ব্যালট এখন রিটার্নিং কর্মকর্তাদের নিরাপদ হেফাজতে সংরক্ষিত রয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য মোট ৭ লাখ ৬৬ হাজারের বেশি ব্যালট পাঠানো হয়েছিল। এর মধ্যে ৫ লাখ ১৫ হাজার প্রবাসী ভোটার ইতোমধ্যে তাদের ভোট প্রদান করেছেন। আধুনিক প্রযুক্তি ও মোবাইল অ্যাপ ব্যবহারের পাশাপাশি ডাক বিভাগের দ্রুত সেবার কারণে এবার প্রবাসীদের ভোট সময়মতো দেশে পৌঁছানো সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অতীতে ডাক বিলম্বের কারণে অনেক ব্যালট সময়মতো গণনায় অন্তর্ভুক্ত করা যেত না।

বিজ্ঞাপন

দেশের অভ্যন্তরে ডাকযোগে পাঠানো হয়েছিল প্রায় ৭ লাখ ৬০ হাজার ব্যালট। এর মধ্যে ৫ লাখ ৮০ হাজার ভোটার তাদের রায় পাঠিয়েছেন। প্রবাসী ও দেশীয়—দুই ক্ষেত্র মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ৯ লাখ ব্যালট সরাসরি রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে এসে পৌঁছেছে।

ইসি কর্মকর্তারা আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যে বাকি ব্যালটগুলোও পৌঁছে যাবে। আগামীকাল বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পোস্টাল ব্যালট গ্রহণ করা হবে এবং সেগুলো সংসদ নির্বাচনের মূল ভোট গণনার সঙ্গে একত্রে গণনা করা হবে।

বিজ্ঞাপন

নির্বাচন সংশ্লিষ্টদের মতে, পোস্টাল ব্যালটে এবার যে বিপুল অংশগ্রহণ দেখা যাচ্ছে তা একটি অংশগ্রহণমূলক নির্বাচনের ইতিবাচক বার্তা বহন করছে। বিশেষ করে প্রবাসীদের ভোটাধিকার কার্যকরভাবে নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা কার্যকর ভূমিকা রেখেছে।

বিশ্লেষকদের ধারণা, অনেক আসনে প্রার্থীদের জয়ের ব্যবধান কম হলে এই প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফলে চূড়ান্ত ফল ঘোষণার ক্ষেত্রে পোস্টাল ভোট বড় একটি ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD