Logo

আগামীকাল ২৯৯ আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৪৩
আগামীকাল ২৯৯ আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট
ছবি: সংগৃহীত

দেশব্যাপী প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। সারাদেশের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে একযোগে ভোট হবে। জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত থাকায় ওই আসনে ভোট হচ্ছে না।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছেন ৯ লাখ ৫৮ হাজার সদস্য। এর মধ্যে সেনাবাহিনীর ১ লাখ ৩ হাজার, পুলিশ ১ লাখ ৮৭ হাজার ৬০৩, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫ লাখ ৬৭ হাজার ৮৬৮, বিজিবির ৩৭ হাজার ৪৫৩, র‌্যাবের ৯ হাজার ৩৪৯, কোস্টগার্ডের ৩ হাজার ৫৮৫, বিমানবাহিনীর ৩ হাজার ৫০০ এবং নৌবাহিনীর ৫ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ফায়ার সার্ভিসের ১৩ হাজার ৩৯০ সদস্য ও বিএনসিসির ১ হাজার ৯২২ সদস্যও মোতায়েন আছেন।

প্রথমবারের মতো নির্বাচনী নিরাপত্তায় ইউএভি (ড্রোন) ও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। নির্বাচন কমিশনাররা জানিয়েছেন, এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভোটের দিনও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে তারা আশাবাদী।

বিজ্ঞাপন

এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।

দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে মোট ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঝালকাঠি-১ আসনে ভোটার সবচেয়ে কম—২ লাখ ২৮ হাজার ৪৩১ জন, আর গাজীপুর-2 আসনে সবচেয়ে বেশি—৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন।

এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ২ হাজার ২৮ জন—দলীয় ১ হাজার ৭৫৫ এবং স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন (দলীয় ৬৩, স্বতন্ত্র ২০)। সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি—২৯১ জন। ১০টি নিবন্ধিত দল কোনো প্রার্থী দেয়নি।

বিজ্ঞাপন

ঢাকা-১২ আসনে সর্বোচ্চ ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর পিরোজপুর-১ আসনে প্রার্থী মাত্র ২ জন।

নির্বাচন পরিচালনায় ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা ও ৫৯৮ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা দায়িত্বে রয়েছেন। এছাড়া ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার, ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৫ হাজার ৯৬৪ জন পোলিং অফিসারসহ প্রায় ৮ লাখ কর্মকর্তা সরাসরি ভোট পরিচালনায় যুক্ত। পোস্টাল ভোট ব্যবস্থাপনায় আছেন আরও প্রায় ১৫ হাজার কর্মকর্তা।

নির্বাচনি অপরাধ দমন ও তাৎক্ষণিক বিচার নিশ্চিত করতে ৬৫৭ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পাঁচ দিনের জন্য দায়িত্ব পালন করছেন (১০–১৪ ফেব্রুয়ারি)। পাশাপাশি আচরণবিধি বাস্তবায়নে ১ হাজার ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন।

বিজ্ঞাপন

ভোট পর্যবেক্ষণে ৮১টি দেশি সংস্থার ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। এর মধ্যে কেন্দ্রীয়ভাবে প্রায় ৮ হাজার এবং স্থানীয়ভাবে ৪৭ হাজারের বেশি।

বিদেশ থেকে ৫৪০ জন পর্যবেক্ষক ও সাংবাদিক এসেছেন। ইউরোপীয় ইউনিয়নের ২২৩ জনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন।

বিজ্ঞাপন

পোস্টাল ভোট ব্যবস্থায় প্রবাসী ও দেশের অভ্যন্তরের মিলিয়ে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন নিবন্ধন করেছিলেন। ইতোমধ্যে প্রায় ৯ লাখের বেশি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছেছে। নির্বাচন কমিশনের ধারণা, এসব ভোট অনেক আসনে ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।

নির্বাচন কমিশনাররা ভোটারদের দলবদ্ধভাবে, উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। বিশেষ করে তরুণ ভোটারদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ভয়-ভীতি ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং জনগণ নির্বিঘ্নে ভোট দিয়ে নিরাপদে ঘরে ফিরতে পারবেন সেই আশা করছে কমিশন। সব প্রস্তুতি শেষ, এখন অপেক্ষা ভোটারদের রায়ের।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD