Logo

ভোটের দায়িত্বে ২২ ধরনের কাজ করতে পারবে না পুলিশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:২৬
ভোটের দায়িত্বে ২২ ধরনের কাজ করতে পারবে না পুলিশ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের জন্য বিস্তৃত আচরণবিধি জারি করেছে পুলিশ সদর দপ্তর। নির্বাচনি দায়িত্ব পালনকালে ২২ ধরনের কাজ থেকে বিরত থাকার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ভোটের দিন আইনশৃঙ্খলা রক্ষা, নিরপেক্ষতা বজায় রাখা এবং পেশাদার আচরণ নিশ্চিত করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনকালীন সময়কে অত্যন্ত স্পর্শকাতর বিবেচনায় এনে প্রতিটি সদস্যকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো পুলিশ সদস্য রাজনৈতিক দল, প্রার্থী বা তাদের সমর্থকদের প্রতি পক্ষপাতমূলক আচরণ করতে পারবেন না। ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ প্রকাশ, প্রার্থীদের পক্ষে-বিপক্ষে মন্তব্য কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক পোস্ট দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

বিজ্ঞাপন

ভোটের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না গেলে অপ্রয়োজনীয় বলপ্রয়োগ বা লাঠিচার্জ থেকেও বিরত থাকতে বলা হয়েছে। প্রয়োজন হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আইনগত ব্যবস্থা নিতে হবে।

নির্বাচনি দায়িত্বে থাকা অবস্থায় কোনো প্রার্থী, এজেন্ট বা সমর্থকের কাছ থেকে খাবার, উপহার বা অন্য কোনো সুবিধা গ্রহণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। প্রার্থীদের সঙ্গে ছবি তোলা বা অতিরিক্ত ঘনিষ্ঠতা প্রদর্শনও অপেশাদার আচরণ হিসেবে গণ্য হবে।

এমনকি জনসমাগমস্থলে অপ্রয়োজনীয়ভাবে বসে খাবার গ্রহণ, ফুটপাত বা টং দোকানে আড্ডা দেওয়া কিংবা মুখরোচক খাবার খাওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে, যাতে দায়িত্ব পালনের সময় পেশাদারিত্ব নিয়ে কোনো প্রশ্ন না ওঠে।

বিজ্ঞাপন

প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া কোনো পুলিশ সদস্য ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন না। ভোটারদের নির্দিষ্ট প্রতীকের পক্ষে প্রভাবিত করা বা কোনোভাবে ভোটের ওপর প্রভাব বিস্তার করা কঠোরভাবে নিষিদ্ধ।

দায়িত্ব পালনের সময় মোবাইল ফোন ব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকা থেকেও বিরত থাকতে বলা হয়েছে। নির্বাচন সংক্রান্ত সংবেদনশীল তথ্য, ছবি বা ভিডিও কারো কাছে পাঠানো বা শেয়ার করাও নিষেধ করা হয়েছে।

বিজ্ঞাপন

ভোটার বা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজে অযথা হস্তক্ষেপ করা যাবে না। গালিগালাজ, হুমকি বা অবমাননাকর আচরণ সম্পূর্ণভাবে পরিহার করতে বলা হয়েছে। একই সঙ্গে দলবদ্ধ হয়ে উদ্দেশ্যহীন ঘোরাঘুরি বা ব্যক্তিগত আলাপে সময় নষ্ট করাও নিষিদ্ধ।

পুলিশ সদস্যদের ভোটের ফলাফল বা সম্ভাব্য বিজয়ী সম্পর্কে কোনো ধরনের পূর্বানুমান প্রকাশ না করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, নির্বাচনকালীন দায়িত্বে কোনো ধরনের শৃঙ্খলাভঙ্গ বা নির্দেশ অমান্য করা হলে তাৎক্ষণিকভাবে বিভাগীয় তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এ নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD