Logo

রেজাল্ট শিটে এজেন্টদের সই, সেই প্রিসাইডিং অফিসারকে অপসারণ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৪:৩১
রেজাল্ট শিটে এজেন্টদের সই, সেই প্রিসাইডিং অফিসারকে অপসারণ
ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জেসমিন আরাকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। ভোট শুরুর আগে রেজাল্ট শিটে অগ্রিম পোলিং এজেন্টদের সই নেওয়ার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিয়ে নতুন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন কালীগঞ্জ শহীদ নূর আলী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক শামসুজ্জামান খান।

বিজ্ঞাপন

এর আগে ওই কেন্দ্র থেকে বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীদের এজেন্টদের সই করা ২৩টি ফাঁকা রেজাল্ট শিট জব্দ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিম। এর মধ্যে ১৬টিতে ধানের শীষ প্রতীকের এবং ৭টিতে দাঁড়িপাল্লা প্রতীকের পোলিং এজেন্টের সই ছিল। পরে জব্দ করা রেজাল্ট শিটগুলো ছিঁড়ে নষ্ট করা হয়।

ঘটনার পর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কেন্দ্রটি পরিদর্শন করেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, সব কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD