পায়ে হেঁটেই সংসদ প্রাঙ্গণে গেলেন মির্জা ফখরুলসহ নবনির্বাচিত এমপিরা

ত্রয়োদশ জাতীয় সংসদের শপথ অনুষ্ঠান ঘিরে ব্যাপক লোকসমাগম ও দীর্ঘ যানজটের কারণে পায়ে হেঁটেই সংসদ ভবন প্রাঙ্গণে প্রবেশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির বেশ কয়েকজন নবনির্বাচিত সংসদ সদস্য।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব সংসদ ভবনের গেটে পৌঁছান। এ সময় প্রবেশ পথে দীর্ঘ জটের কারণে অনেক এমপিকে গাড়িতে অপেক্ষা করতে দেখা যায়। নির্ধারিত সময়ে শপথ অনুষ্ঠানে অংশ নিতে দেরি এড়াতে কয়েকজন সদস্য গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে ভেতরে প্রবেশ করেন।
সরেজমিনে দেখা যায়, জাতীয় সংসদ ভবন-এর পূর্ব গেটে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ফলে সময়মতো পৌঁছাতে বিএনপির মহাসচিব ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানসহ আরও কয়েকজন নবনির্বাচিত সংসদ সদস্য হেঁটে সংসদ প্রাঙ্গণে প্রবেশ করেন।
বিজ্ঞাপন
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি থেকে নির্বাচিত সদস্যদের শপথ আগে পড়ানো হবে। সে অনুযায়ী প্রথমেই দলটির বিজয়ী সংসদ সদস্যরা শপথ নেবেন।








