দায়িত্বের প্রথম দিনেই নতুন প্রধানমন্ত্রীর কঠিন সিদ্ধান্ত!

রাষ্ট্রীয় প্রটোকলের প্রচলিত রীতি থেকে সরে এসে দায়িত্বের প্রথম দিনেই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর মিডিয়া সেল জানায়, প্রধানমন্ত্রী সরকারি গাড়ির পরিবর্তে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করবেন। নিজের চালক ও নিজস্ব অর্থে কেনা জ্বালানি দিয়ে তিনি দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন।
বিজ্ঞাপন
দিনের কর্মসূচির অংশ হিসেবে জাতীয় স্মৃতিসৌধ ও শেরেবাংলা নগর–এ শ্রদ্ধা নিবেদন শেষে সচিবালয়ে যাওয়ার সময় তিনি নিজের ব্যক্তিগত টয়োটা গাড়িতে যাতায়াত করেন। জনদুর্ভোগ কমাতে প্রধানমন্ত্রীর গাড়িবহরের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে হ্রাস করা হয়েছে। আগে যেখানে ১৩ থেকে ১৪টি গাড়ি থাকত, সেখানে প্রথম দিনেই তা কমিয়ে চারটিতে আনা হয়েছে।
শপথের পর প্রথম কর্মদিবসে তার গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করা হয়নি। তবে রাষ্ট্রীয় বিশেষ অনুষ্ঠান বা বিদেশি অতিথি এলে প্রটোকল অনুযায়ী পতাকা ব্যবহারের কথা জানানো হয়েছে।
বিজ্ঞাপন
সাধারণ মানুষের চলাচলে স্বস্তি আনতে মন্ত্রিসভার বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে সচিবালয়ে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ভিআইপি চলাচলজনিত যানজট কমে। এছাড়া সড়কে প্রধানমন্ত্রীর যাতায়াতের সময় দুই পাশে পুলিশ মোতায়েনের প্রচলিত নিয়ম বাতিলের বিষয়েও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা চলছে।
সরকারের প্রথম দিনেই এসব উদ্যোগের মাধ্যমে সাশ্রয়ী ও জনমুখী প্রশাসনের বার্তা দিতে চেয়েছেন প্রধানমন্ত্রী।








