নতুন সময়ে চলবে মেট্রোরেল, ইফতার করা নিয়ে যা জানাল কর্তৃপক্ষ

পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানীর মেট্রোরেল চলাচলে আনা হয়েছে বিশেষ সময়সূচি। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে নতুন এই সূচি কার্যকর হয়েছে। একই সঙ্গে ইফতারের সময় যাত্রীদের জন্য সীমিত পরিসরে পানীয় বহনের অনুমতিও দিয়েছে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের সই করা এক নির্দেশনায় জানানো হয়েছে, রমজান মাসের প্রথম রোজা থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে সংশোধিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে।
নির্দেশনায় স্পষ্ট করে বলা হয়েছে, যাত্রীরা ইফতারের জন্য সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল সঙ্গে রাখতে পারবেন। তবে কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম বা ট্রেনের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না।
বিজ্ঞাপন
পানি বহনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, যাতে কোথাও পানি না পড়ে। ব্যবহৃত বোতল অবশ্যই নির্ধারিত ডাস্টবিনে ফেলতে হবে—যা প্ল্যাটফর্ম, কনকোর্স বা প্রবেশ ও বাহির গেইটে রাখা রয়েছে।
নতুন সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে। শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে।
অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।
বিজ্ঞাপন
উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেনের ব্যবধান (হেডওয়ে) সময়ভেদে পরিবর্তিত হবে। সকাল ৬:৩০–৭:১০: ২০ মিনিট, ৭:১১–৭:৩০: ১০ মিনিট, ৭:৩১–৮:১০: ৮ মিনিট, ৮:১১–৯:৫৩: সাড়ে ৫ থেকে ৬ মিনিট, ৯:৫৪–দুপুর ২:৫৬: ৮ মিনিট, ২:৫৭–৫:৪১: সাড়ে ৫ থেকে ৬ মিনিট, ৫:৪২–৬:১৩: ৮ মিনিট, ৬:১৪–রাত ৯:০০: ১০ মিনিট এবং ৯:০১–৯:৩০: ১৫ মিনিট।
মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেনের ক্ষেত্রেও সময়ভেদে ব্যবধান নির্ধারণ করা হয়েছে— ৭:১৫–৭:৩০: ১৫ মিনিট, ৭:৩১–৮:০০: ১০ মিনিট, ৮:০১–৮:৪৮: ৮ মিনিট, ৮:৪৯–১০:৩১: সাড়ে ৫ থেকে ৬ মিনিট, ১০:৩২–দুপুর ৩:৩৪: ৮ মিনিট, ৩:৩৫–৬:২০: সাড়ে ৫ থেকে ৬ মিনিট, ৬:২১–৬:৫২: ৮ মিনিট, ৬:৫৩–৯:৪০: ১০ মিনিট এবং ৯:৪১–১০:১০: ১৫ মিনিট।
বিজ্ঞাপন
শনিবার, শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিনে মেট্রোরেলের চলাচলসূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। ওই দিনগুলোতে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলবে।
রমজানের অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এ পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশনাগুলো মেনে চলার আহ্বান জানানো হয়েছে।








