Logo

প্রধানমন্ত্রীর বিলবোর্ড ও ব্যানার দ্রুত সরানোর নির্দেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ মার্চ, ২০২৬, ১৩:৫৬
প্রধানমন্ত্রীর বিলবোর্ড ও ব্যানার দ্রুত সরানোর নির্দেশ
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে রাজধানীর বিভিন্ন সড়কে লাগানো তার ছবি সংবলিত বিলবোর্ড ও ব্যানার দ্রুত সরানোর নির্দেশ দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ মার্চ) এই নির্দেশনা দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, প্রধানমন্ত্রী সকালেই গুলশানের বাসা থেকে সচিবালয়ে যাওয়ার পথে হাতিরঝিল পুলিশ প্লাজার সামনে ছবিসহ একটি ব্যানার দেখে তা সরানোর নির্দেশ দেন। নির্দেশনা অনুসারে তা তৎক্ষণাৎ অপসারণ করা হয়।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, রাজধানীর বিভিন্ন বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তার ছবিসহ বিজ্ঞাপন প্রদর্শন করছে নানা কোম্পানি। সেগুলো দ্রুত অপসারণ করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বিজয় সরণি দিয়ে যাওয়ার সময় একটি এলইডিতে অভিনন্দন জানিয়ে তার ছবি প্রদর্শিত হচ্ছিল দেখে তখনই সেটি অপসারণের নির্দেশনা দিয়েছিলেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী মঙ্গলবার সচিবালয়ে অফিস করেন। তিনি সকাল ৯টা ১৫ মিনিটে অফিসে আসেন। সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, উপকূলীয় ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি ও অবৈধ পাচার রোধ এবং মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত টহল বাড়ানো ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

রাজধানীতে যানবাহনের গতি বেড়েছে

বিজ্ঞাপন

ট্রাফিক সিগন্যাল মানায় রাজধানীর সড়কে যান চলাচলে গতি বেড়েছে। প্রধানমন্ত্রীর কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া এক প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন রুমন।

প্রতিবেদনটি প্রধানমন্ত্রী দেখেছেন জানিয়ে অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রীর কাছে রাজধানীর যানজট নিরসন এবং সড়কে যানবাহন চলাচলের গতি-প্রকৃতি কেমন- এ সংক্রান্ত একটি প্রতিবেদন আজকে উপস্থাপন করা হয়। এতে বলা হয়, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণেই যানবাহনের গতি বেড়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, রাজধানীতে আগে যানবাহনের স্বাভাবিক গতি ছিল ঘণ্টায় ৪ দশমিক ৫ কিলোমিটার, যা কিনা হাঁটা গতির সমান। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্বভার নেওয়ার পর ভিভিআইপি প্রটোকল কমিয়ে ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল করছেন।

প্রতিবেদনে গত ১৪ দিনের পরিসংখ্যান দিয়ে বলা হয়, ভিভিআইপি প্রটোকলে যান চলাচল বাধাগ্রস্ত না হওয়ায় গতি ঘণ্টায় ৫ দশমিক ৩ কিলোমিটারে উন্নীত হয়েছে। কারণ প্রধানমন্ত্রীর পর রাষ্ট্রপতি, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ট্রাফিক সিগন্যাল অনুসরণ করছেন।

চালের দাম বৃদ্ধির প্রভাব রোধ

বিজ্ঞাপন

মোটা চালের দাম বৃদ্ধি রোধে প্রধানমন্ত্রী দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। প্রেস সচিব জানান, প্রান্তিক মানুষের খাদ্য হিসেবে গুরুত্বপূর্ণ এই চালের খুচরা মূল্য বৃদ্ধির খবর তিনি সোমবার দেখার পর সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর তাৎক্ষণিক প্রভাব বাজারে দেখা গেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD