নির্বাচনে ৩ কোটি ৭৪ লাখ ভোট পেল ধানের শীষ, দাঁড়িপাল্লা কত?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচনে দলটির প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে মোট ৩ কোটি ৭৪ লাখের বেশি ভোট পেয়ে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট অর্জন করেছেন। এর মাধ্যমে ২১১টি আসনে জয় লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে বিএনপি।
বিজ্ঞাপন
অন্যদিকে, এবার প্রথমবারের মতো জাতীয় সংসদে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে জামায়াতে ইসলামী। দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা দলটির প্রার্থীরা পেয়েছেন ২ কোটি ৩৮ লাখের বেশি ভোট। ফলে বিএনপি ও জামায়াতের মোট ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১ কোটি ৩৬ লাখ ৪৩ হাজার ৭৩৫, যা মোট ভোটের প্রায় ৩১ দশমিক ৭৬ শতাংশ।
নির্বাচনে অংশ নেওয়া অন্যান্য দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ২২ লাখ ৮৬ হাজার ৭৯৫ ভোট, যা মোট ভোটের ৩ দশমিক ০৫ শতাংশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ২০ লাখ ২৩ হাজার ৯৬৬ ভোট এবং বাংলাদেশ খেলাফত মজলিসের ঝুলিতে গেছে ১৫ লাখ ৬৪ হাজার ৯২৪ ভোট।
বিজ্ঞাপন
এদিকে স্বতন্ত্র প্রার্থীরাও উল্লেখযোগ্য ভোট পেয়েছেন। সারাদেশে ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী মিলে মোট ৪৩ লাখ ৩৯ হাজার ৮৩৪ ভোট অর্জন করেছেন, যা মোট ভোটের প্রায় ৫ দশমিক ৭৯ শতাংশ।
গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলের আসন ধরে রাখা জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবারের নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে। ১৯৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেও দলটি মাত্র ৬ লাখ ৬৯ হাজার ৮২ ভোট পেয়েছে, যা মোট ভোটের ০ দশমিক ৮৯ শতাংশ।
ছোট দলগুলোর মধ্যেও বেশ কিছু দল সীমিত ভোট পেয়েছে। গণ অধিকার পরিষদ পেয়েছে প্রায় ২ লাখ ৪৪ হাজার ভোট এবং এবি পার্টি পেয়েছে প্রায় ২ লাখ ১০ হাজার ভোট। এছাড়া ১০ হাজার থেকে ৫০ হাজার ভোটের মধ্যে রয়েছে অন্তত ১২টি দল। নতুন নিবন্ধন পাওয়া জনতার দল পেয়েছে ৩৭ হাজার ৪০১ ভোট, আর বাসদ (মার্ক্সবাদী) পেয়েছে ১৩ হাজার ২৩৫ ভোট।
বিজ্ঞাপন
অন্যদিকে কয়েকজন পরিচিত রাজনৈতিক নেতার দল প্রত্যাশিত ভোট পায়নি। নাগরিক ঐক্য পেয়েছে ৬ হাজার ৮৯৯ ভোট, আমজনতার দল পেয়েছে ৬ হাজার ২০৯ ভোট এবং গণফোরাম পেয়েছে মাত্র ৫ হাজার ৬৬ ভোট।
এছাড়া নির্বাচনে অংশ নেওয়া পাঁচটি দল সারা দেশে এক হাজার ভোটও সংগ্রহ করতে পারেনি। দলগুলো হলো— বাংলাদেশ জাতীয় পার্টি, গণফ্রন্ট, বাংলাদেশ কল্যাণ পার্টি, গণতন্ত্রী পার্টি এবং বাংলাদেশ সমঅধিকার পার্টি।








