সংসদের খারাপ সংস্কৃতি আমরা মানুষের মন থেকে মুছে দেব: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংসদের খারাপ সংস্কৃতিকে আমরা মানুষের মনে থেকে মুছে ফেলব।
বিজ্ঞাপন
শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যান কার্যালয়ে অনুষ্ঠিত সংসদ সদস্যদের দুইদিনব্যাপী শেষ দিনের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এই মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কনস্টিটিউশন, রুলস অব প্রসিডিউর, কাস্টমস, কনভেনশন অব দি হাউস- এসব বিষয় নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে আলাপ হয়েছে। সেইসঙ্গে বিশ্বের যেসব দেশ শক্তিশালী গণতন্ত্রের চর্চা করে থাকে, সেসব দেশের সংসদে চর্চার ওপর কথা বলেছি।
বিজ্ঞাপন
তিনি বলেন, আশা করি আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে, বলবেন- এমন একটি সংসদই তারা দেখতে চেয়েছিলেন। অতীতে সংসদে যেসব নেতিবাচকতা সৃষ্টি হয়েছে, সেগুলো মানুষের মন থেকে আমরা মুছে দেব।
সালাহউদ্দিন বলেন, যারা নতুন সংসদ সদস্য, তারা নতুন করে যাত্রা শুরু করবেন, শিখবেন ভালো। তাদের ভেতরে কোনো খারাপ সংস্কৃতি না থাকলে ভালো শিক্ষাটা পাবেন। একটা বাচ্চা যেমন জন্মগ্রহণের পর সতেজ সংস্কৃতি শিখে, ঠিত সেইভাবে নবীন সংসদ সদস্যদেরও প্রস্তুত করার চেষ্টা করছি।
নতুন সংসদ সদস্যরা জনপ্রত্যাশা পূরণে কাজ করবে এই লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বিজ্ঞাপন
প্রথমবার নির্বাচিত বিএনপির সংসদ সদস্যদের, সংসদীয় কার্যক্রম, বিধি বিধান ও সংসদীয় আচার বিষকর প্রশিক্ষণ কর্মশালা চলছে। দুদিনের এ কর্মশালার শেষ দিনের কার্যক্রম চলছে। সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের এবং ফরিদপুর জেলার সংসদ সদস্যরা অংশ নিয়েছেন। বিকেলের সেশনে থাকবেন সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত এমপি ও মন্ত্রীদের দক্ষ করার উদ্দেশ্যে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সংসদীয় রেওয়াজ এবং মন্ত্রণালয় পরিচালনায় কৌশলগত দক্ষতা অর্জনের উপায় শেখানো হচ্ছে।








