সংসদে স্পিকারকে ‘অবিভাবক’ মেনে এগোবেন এমপিরা: তথ্যমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যরা স্পিকারকে যথাযথ ‘অবিভাবক’ হিসেবে স্বীকৃতি দিয়ে সংসদীয় কাজকর্ম এগিয়ে নেবেন—এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বিজ্ঞাপন
শনিবার (৭ মার্চ) গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত কর্মশালার দ্বিতীয় দিনে তৃতীয় সেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, কর্মশালার মূল উদ্দেশ্য হলো সংসদীয় প্রক্রিয়াকে কার্যকরভাবে বুঝিয়ে দেয়া এবং নবীন সংসদ সদস্যদের মানসিক চাপ কমানো।
বিজ্ঞাপন
মন্ত্রী আরও বলেন, দেশে কার্যকরী সংসদ উপহার দেয়ার লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন। সংসদে রাষ্ট্রপতি প্রথম ভাষণ দেবেন। ইতোমধ্যেই তার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংসদীয় প্রক্রিয়ার কার্যকারিতা নিশ্চিত করা আমাদের জন্য অগ্রাধিকার।
তিনি যোগ করেন, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ক্ষমতায় যাওয়ার আগে ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র মেরামতের নির্দেশনা দিয়েছেন। আমরা নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা লাভের পর সেই অগ্রাধিকার অনুযায়ী কাজ করছি। এর মধ্যে জনগণকে সেবা দেওয়া, আইন ও সংসদীয় কার্যক্রমকে সর্বোচ্চভাবে কাজে লাগানো এবং সরকারি দল হিসেবে সংসদকে সবসময় প্রাণবন্ত রাখার দায়িত্বগুলো পালনে আমরা মনোযোগ দিচ্ছি।
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, নবীন সংসদ সদস্যরা যেন মানসিকভাবে প্রস্তুত হয়ে সংসদীয় দায়িত্ব পালন করতে পারে, তার জন্যও কর্মশালায় প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ধরনের উদ্যোগ সংসদকে কার্যকর ও জনমুখী রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








