Logo

টানা তৃতীয় শনিবার ছুটির দিনে অফিসে প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ মার্চ, ২০২৬, ১৭:৫৬
টানা তৃতীয় শনিবার ছুটির দিনে অফিসে প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান | ফাইল ছবি

ছুটির দিন হওয়া সত্ত্বেও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ব্যস্ত সময় পার করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর টানা তৃতীয় শনিবার রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার দুপুর প্রায় ১২টার দিকে কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দিনভর বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক ও প্রশাসনিক কার্যক্রমে অংশ নেন তিনি। সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন উপদেষ্টাও এদিন কার্যালয়ে উপস্থিত থেকে নিজ নিজ দপ্তরের কাজ পরিচালনা করেন।

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং শিক্ষা ও প্রবাসী কল্যাণ বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনও ছুটির দিনেও অফিস করেন। এছাড়া প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছালেহ শিবলি, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দাপ্তরিক কাজে অংশ নেন।

বিজ্ঞাপন

কার্যালয়ে পৌঁছানোর পর প্রথমেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. নার্গীস আক্তার। বৈঠকে পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে এর চাহিদা সম্প্রসারণ এবং গবেষণাভিত্তিক উৎপাদন উন্নয়নের নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

এরপর দুপুর আড়াইটার দিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেন। বৈঠকে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় কমানো, দক্ষ জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে খাতটির টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

দিনের দাপ্তরিক কার্যক্রম শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত একটি বিশেষ ইফতার অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। সেখানে দেশের ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে এই ইফতারের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তিনি সরাসরি ওই অনুষ্ঠানে অংশ নিতে যাবেন বলে জানা গেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD