Logo

১ মাসেরও কম সময়ে জনগণকে দেওয়াা প্রতিশ্রুতির কাজ শুরু করেছি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ মার্চ, ২০২৬, ১৩:২২
১ মাসেরও কম সময়ে জনগণকে দেওয়াা প্রতিশ্রুতির কাজ শুরু করেছি
ছবি: সংগৃহীত

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজধানীর কড়াইল, ভাসানটেক ও সাততলা এলাকার প্রায় ১৫ হাজার নারীকে ইতোমধ্যে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রায় ৪ কোটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে সক্ষম হবে তার সরকার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানীতে টিঅ্যান্ডটি খেলার মাঠে, যা কড়াইল বস্তি সংলগ্ন এলাকায় অবস্থিত, আয়োজিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রতীকীভাবে ১৭টি পরিবারের নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ডের রেপ্লিকা তুলে দেন প্রধানমন্ত্রী।

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, আমরা একটি দায়িত্বশীল সরকারের ভূমিকা পালন করতে চাই। যে সরকার জনগণ ও দেশের জন্য কাজ করবে। আমরা জনগণের কাছে জবাবদিহি করতে চাই। তারই অংশ হিসেবে নির্বাচনের আগে আমরা জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা সরকার গঠন করতে সক্ষম হলে ফ্যামিলি কার্ডের কাজ শুরু করব। জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করার এক মাসেরও কম সময়ের মধ্যে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি।

তারেক রহমান বলেন, ফ্যামিলি কার্ডের মতো আগামী মাসে কৃষক ভাইদের কাছে কৃষি কার্ড পৌঁছে দিতে সক্ষম হবো। আমরা যেকোনো মূল্যে আমাদের প্রতিশ্রুতি রক্ষা করব। আমাদের জন্য আজকের দিনটি অত্যন্ত খুশি ও আবেগের দিন।

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গত সপ্তাহে কৃষকদের সুদসহ কৃষি ঋণ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ করে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের প্রতিনিধিমূলক ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এই সরকার জনগণ নির্বাচিত করেছে, কাজেই স্বাভাবিকভাবে সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য।

অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি ও দেশের বিশিষ্ট নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে প্রতিটি উপজেলার তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং চূড়ান্ত তালিকা প্রস্তুতের জন্য ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে পৃথক কমিটি গঠন করা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD