Logo

জ্বালানি তেলের কোনো সংকট নেই, দাম বাড়ানোর পরিকল্পনা নেই

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ মার্চ, ২০২৬, ১৪:০০
জ্বালানি তেলের কোনো সংকট নেই, দাম বাড়ানোর পরিকল্পনা নেই
ছবি: সংগৃহীত

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং আপাতত দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতেও জ্বালানি বা বিদ্যুৎ সংকট হয়নি এবং এখনো নেই। রমজান ও ঈদকে নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে পেট্রোল পাম্পে মোটরসাইকেল ও প্রাইভেট গাড়ির দীর্ঘ লাইনের ঘটনা মূলত মানুষের উদ্বেগ ও আতঙ্কের কারণে।

প্রতিমন্ত্রী বলেন, পেট্রোল পাম্পে যে লম্বা লাইনের সৃষ্টি হয়েছে, তা মূলত অকটেন ও পেট্রোলের জন্য। এ ধরনের জ্বালানিতে কোনো ঘাটতি নেই। পেট্রোল প্রায় সম্পূর্ণভাবে দেশের পারিশোধিত তেল থেকে সরবরাহ করা হয়। অকটেনেরও সিংহভাগ দেশে তৈরি হয়, কিছু অংশ আমদানির মাধ্যমে আসে। ডিজেল ও ফার্নেস অয়েলের ক্ষেত্রে আমদানির ওপর কিছুটা নির্ভরতা আছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, জ্বালানি পাওয়া যাবে না বা দাম বাড়বে— এমন আশঙ্কা ও আতঙ্ক থেকেই মানুষ আগেভাগে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছেন, যার কারণে পাম্পগুলোতে ভিড় দেখা যাচ্ছে। তবে সরবরাহ পুরোপুরি অব্যাহত রয়েছে।

জ্বালানি সরবরাহ পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, গতকাল প্রায় ৩০ হাজার টন জ্বালানি নিয়ে দুটি জাহাজ আসার কথা ছিল, এর মধ্যে একটি পৌঁছেছে এবং অন্যটি আউটার অ্যাঙ্করেজে রয়েছে। মঙ্গলবার দুপুরের মধ্যে তা থেকে জ্বালানি খালাস শুরু হওয়ার আশা করা হচ্ছে। এছাড়া ১২ মার্চ আরও একটি জাহাজ আসার কথা রয়েছে।

বিজ্ঞাপন

ভারত থেকে জ্বালানি আমদানির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে পাইপলাইন চুক্তির আওতায় প্রতি মাসে গড়ে ১৫ হাজার টন জ্বালানি আসছে। এর একটি বড় অংশ ইতিমধ্যেই এসেছে এবং বাকি অংশ ধারাবাহিকভাবে সরবরাহ করা হচ্ছে। চুক্তিটি প্রতি বছর নবায়ন হয় এবং বর্তমানে মেয়াদও রয়েছে।

তিনি দেশের জনগণকে আশ্বস্ত করে বলেন, জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কোনো পরিস্থিতি নেই এবং সরকার রমজান ও ঈদকে নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করছে।

সূত্র: প্রতিমন্ত্রী কার্যালয়

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD