ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে ইতিবাচক ভূমিকা রাখবে: সিপিডি

সরকারের চালু করা ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি মানুষের আর্থিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং এটি নারীর ক্ষমতায়নেও সহায়ক হবে বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে এই উদ্যোগ সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পারে।
বিজ্ঞাপন
তবে প্রকৃত উপকারভোগীদের সঠিকভাবে চিহ্নিত করা অত্যন্ত জরুরি বলেও তিনি উল্লেখ করেন। তার মতে, উপকারভোগী নির্ধারণে যথাযথ যাচাই-বাছাই না হলে সরকারি অর্থের অপচয়ের ঝুঁকি তৈরি হতে পারে। তাই ঝুঁকিপূর্ণ ও দরিদ্র জনগোষ্ঠীকে সুনির্দিষ্টভাবে শনাক্ত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
মঙ্গলবার (১০ মার্চ) ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ২০২৬-২৭ সালের আসন্ন বাজেট নিয়ে সুপারিশ পেশ করে সংস্থাটি। সেখানে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
ফাহমিদা খাতুন বলেন, বাজেট এমন একটা সময় প্রণীত হচ্ছে যখন বাংলাদেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখোমুখি। এই পরিস্থিতি সুনির্দিষ্ট ও কৌশলগত পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন। নীতিনির্ধারকদের জন্য প্রধান অগ্রাধিকার হওয়া উচিত সামষ্টিক স্থীতিশীলতা প্রতিষ্ঠা করা। এজন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব শৃঙ্খলা বজায় রাখা, বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে লক্ষ্যভিত্তিক সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বাজেট প্রণোয়নের সময় দরিদ্র, প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরুক্ষা নিশ্চিত করা ও অর্থনৈতিক পুনরুদ্ধারকে ত্বরান্বিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেমসহ সংস্থাটির অন্যান্য গবেষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা আসন্ন বাজেটকে বাস্তবমুখী ও অন্তর্ভুক্তিমূলক করার জন্য বিভিন্ন নীতিগত সুপারিশ তুলে ধরেন।








