কে হচ্ছেন নতুন স্পিকার, বিএনপির সংসদীয় দলের বৈঠক

সরকারি দল বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করছেন দলটির সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে এই বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত একজন বিএনপি সংসদ সদস্য এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
দলীয় সূত্র জানায়, বৈঠকে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনসহ প্রথম অধিবেশনের শুরুর কার্যক্রম নিয়ে আলোচনা হতে পারে।
২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেড় বছর পরে, গত ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিএনপি।
বিজ্ঞাপন
সংবিধান অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করতে হয়। সে অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন।
আগামীকাল সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। সাধারণত সংসদের প্রথম অধিবেশন দীর্ঘ সময় ধরে চলে। তবে এটি কত দিন চলবে তা এখনো নির্ধারিত হয়নি। কার্য উপদেষ্টা কমিটি গঠনের পর কমিটির বৈঠকে অধিবেশনের সময়সূচি ঠিক করা হবে।
বিজ্ঞাপন
দলীয় সূত্রে আরও জানা গেছে, সংসদের গুরুত্বপূর্ণ পদগুলোতে অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতাদের দায়িত্ব দিতে চায় বিএনপি। স্পিকার পদে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, হাফিজ উদ্দিন আহমদ এবং সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে হাফিজ উদ্দিন আহমদের নাম নিয়ে বেশি আলোচনা হচ্ছে।








