Logo

স্পিকার–ডেপুটি স্পিকার বাছাইয়ে সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ মার্চ, ২০২৬, ১৬:৪০
স্পিকার–ডেপুটি স্পিকার বাছাইয়ে সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে কে দায়িত্ব পালন করবেন—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে সরকারি সংসদীয় দল। দলের পক্ষ থেকে এ দায়িত্ব তাকে দেওয়ার কথা জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

বিজ্ঞাপন

বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে সংসদ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত জানাবেন এবং তা পরদিনই জানা যাবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে সংসদ উপনেতা নির্ধারণের বিষয়টিও প্রধানমন্ত্রীর বিবেচনায় থাকবে।

এর আগে জাতীয় সংসদের সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। বৈঠকে সংসদের কার্যক্রম, আচরণবিধি এবং আগামী অধিবেশনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে নূরুল ইসলাম মনি জানান, সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় প্রাথমিকভাবে একটি আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে অধিবেশন শুরু হবে। সংসদ নেতা একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যকে অস্থায়ীভাবে সভাপতিত্ব করার প্রস্তাব দেবেন এবং অন্য একজন সদস্য তা সমর্থন করবেন। এরপর তার সভাপতিত্বেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

ডেপুটি স্পিকার পদে বিরোধী দলকে সুযোগ দেওয়ার প্রসঙ্গেও কথা বলেন চিফ হুইপ। তিনি জানান, আগে থেকেই বিএনপি জামায়াতে ইসলামীর কাছে এ পদটি গ্রহণের অনুরোধ জানিয়েছিল। তবে এ বিষয়ে এখনো কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। সাড়া পেলে সে অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

চিফ হুইপ আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ আগামী অধিবেশনে আইনমন্ত্রী সংসদে উপস্থাপন করবেন। এসব অধ্যাদেশ পর্যালোচনার জন্য সব দলের সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। এই কমিটি যাচাই-বাছাই করে কোন অধ্যাদেশ বহাল থাকবে এবং কোনগুলো বাতিল হবে সে বিষয়ে সুপারিশ করবে। প্রয়োজনীয় অধ্যাদেশগুলো পরে সংসদে পাস করার উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন

প্রথম দিনের বৈঠকে সংসদের কার্য উপদেষ্টা কমিটি, প্রিভিলেজ কমিটি এবং হাউস কমিটি গঠনের কথাও জানান তিনি। রাষ্ট্রপতির ভাষণ শেষে অধিবেশন মুলতবি করা হবে। পরবর্তী সময়ে ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার পর পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীও মনোনীত করা হবে।

অধিবেশনে শোকপ্রস্তাব উপস্থাপনের বিষয়টিও উল্লেখ করেন নূরুল ইসলাম মনি। তিনি বলেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আলোচনা হবে। পাশাপাশি জুলাই আন্দোলনের যোদ্ধাদের স্মরণ করা হবে। এছাড়া দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মৃত্যুতে শোকপ্রস্তাবও উত্থাপন করা হবে।

বিজ্ঞাপন

সংবিধান সংস্কার পরিষদের ভবিষ্যৎ সম্পর্কে এক প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, বিষয়টি এখনো সংবিধানে অন্তর্ভুক্ত হয়নি। ফলে সংশ্লিষ্টরা সেই শপথ নেননি। ভবিষ্যতে সংবিধানে অন্তর্ভুক্ত হলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নূরুল ইসলাম মনি বলেন, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা, জীবিকার অধিকার নিশ্চিত করা এবং গণতন্ত্রকে সুসংহত করার লক্ষ্যেই দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম চালিয়ে গেছেন প্রধানমন্ত্রী। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই নতুন সংসদের যাত্রা শুরু হচ্ছে।

তিনি বলেন, জাতীয় সংসদ কেবল একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, এটি দেশের মানুষের অধিকার, মর্যাদা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। নতুন অধিবেশন জনগণের আশা-আকাঙ্ক্ষা ও আস্থার প্রতিফলন ঘটাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

চিফ হুইপ জানান, নতুন সংসদকে কার্যকর, প্রাণবন্ত ও দায়িত্বশীল একটি প্রতিষ্ঠানে রূপ দেওয়াই সরকারের লক্ষ্য। সংসদে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে গঠনমূলক আলোচনা, যুক্তিনির্ভর বিতর্ক এবং সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরি করতে সরকারি দল কাজ করবে।

তিনি বলেন, মতের পার্থক্য থাকা সত্ত্বেও আলোচনার মাধ্যমে জাতীয় সমস্যার সমাধান খুঁজে বের করাই গণতন্ত্রের সৌন্দর্য। সেই মনোভাব থেকেই সংসদকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে বিরোধী দলের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি।

বিজ্ঞাপন

দেশের অর্থনীতি শক্তিশালী করা, দারিদ্র্য কমানো এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নকে সংসদের প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করে নূরুল ইসলাম মনি বলেন, একটি কার্যকর সংসদের মাধ্যমেই জনগণের প্রত্যাশা বাস্তবায়ন সম্ভব। এজন্য দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD