ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সকলের সম্মিলিত চেষ্টার মাধ্যমে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রকৃত সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
বিজ্ঞাপন
বুধবার (১১ মার্চ) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত দরবার অনুষ্ঠানে এ আহ্বান জানান।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল তাঁর সময়কালীন গৃহীত পদক্ষেপ ও উন্নয়নকাজের বিবরণ তুলে ধরেন। তিনি সারাদেশের বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের সাড়া প্রদান ও অপারেশনাল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টায় অপারেশনাল কার্যক্রম সফলভাবে সম্পন্ন হচ্ছে উল্লেখ করে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিজ্ঞাপন
ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সুনাম ধরে রাখার জন্য সচেষ্ট থাকতে সকলের প্রতি আহ্বান জানান। এছাড়া বর্তমান সরকারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য প্রযোজ্য নির্দেশনা বাস্তবায়নে সকল পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করেন। এ পর্যায়ে তিনি দরবারে সরাসরি উপস্থিত এবং অনলাইনে যুক্ত কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন মতামত ধৈর্য সহকারে শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
উল্লেখ, সম্প্রতি চট্টগ্রামের রাউজানে একটি গভীর নলকূপ থেকে সফলভাবে শিশু উদ্ধার অভিযানে অংশগ্রহণকারী ৬ জনকে সম্মাননা প্রদান করেন। সম্মাননা হিসেবে প্রত্যেককে সনদপত্র, ‘মহাপরিচালকের প্রশংসা’ ইনসিগনিয়া ও নগদ অর্থ প্রদান করা হয়।
বিজ্ঞাপন
দরবার অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালকগণ, প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ঢাকায় কর্মরত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও সকল বিভাগের বিভাগীয় উপ-পরিচালকগণ এবং জেলা কর্মকর্তাগণ নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে দরবার অনুষ্ঠানে যুক্ত ছিলেন।








