Logo

বিরোধীদলীয় নেতার চিঠিতে উপদেষ্টা পদে সুপারিশ, তৈরি হয়েছে বিতর্ক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ মার্চ, ২০২৬, ১৭:৩০
বিরোধীদলীয় নেতার চিঠিতে উপদেষ্টা পদে সুপারিশ, তৈরি হয়েছে বিতর্ক
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের স্বাক্ষরযুক্ত একটি চিঠিকে কেন্দ্র করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন করে আলোচনা ও জটিলতা সৃষ্টি হয়েছে। ওই চিঠিতে তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা বা মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বুধবার (১১ মার্চ) এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, গত ২২ ফেব্রুয়ারি ড. মোহাম্মদ মাহমুদুল হাসান সংসদের বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীকে লেখা একটি চিঠি ইলেকট্রনিক মাধ্যমে প্রেরণ করেন। পরবর্তীতে তিনি একই চিঠি সরাসরি পররাষ্ট্রমন্ত্রীর কাছেও পৌঁছে দেন।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, চিঠিটি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার অফিসিয়াল প্যাডে লেখা এবং তাতে তার স্বাক্ষর রয়েছে। চিঠিতে ড. মাহমুদুল হাসানকে ‘বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা’ পরিচয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা বা মন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব দেওয়ার সুপারিশ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, চিঠিতে বিরোধীদলীয় নেতা অধ্যাপক মাহমুদুল হাসানের পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও বিচক্ষণতার প্রশংসা করেছেন। একই সঙ্গে দেশের পররাষ্ট্রনীতি কার্যকরভাবে এগিয়ে নিতে তাকে সংশ্লিষ্ট পদে নিয়োগ দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য পররাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন। চিঠির নিচে কেবলমাত্র বিরোধীদলীয় নেতার স্বাক্ষরই রয়েছে বলে জানানো হয়।

তবে এ নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, এমন কোনো চিঠি সম্পর্কে বিরোধীদলীয় নেতা অবগত নন। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন উঠেছে।

বিজ্ঞাপন

এদিকে একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, চিঠির বিষয়টি জানাতে জামায়াতের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করা হয়েছিল এবং সেখানে বলা হয়, দলীয় আমির এ বিষয়ে জানতেন না। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, এ ধরনের কোনো ফোনালাপের ঘটনা ঘটেনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, বিরোধীদলীয় নেতা লিখিতভাবে সম্মতি দিলে সংশ্লিষ্ট চিঠির পূর্ণাঙ্গ পাঠ জনসমক্ষে প্রকাশ করতে তারা প্রস্তুত রয়েছে। এ বিষয়ে পরবর্তী পরিস্থিতির দিকে এখন রাজনৈতিক মহলের দৃষ্টি রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD