ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় সহ্য করা হবে না: হাইওয়ে ডিআইজি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে তা কোনোভাবেই সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশনস-উত্তর) মো. রফিকুল হাসান গণি। তিনি বলেন, সরকার নির্ধারিত ভাড়ার বাইরে কোনো পরিবহন অতিরিক্ত অর্থ নিতে পারবে না।
বিজ্ঞাপন
বুধবার সকালে গাজীপুরের চন্দ্রা এলাকায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিবহন মালিকদের উদ্দেশে তিনি বলেন, ফিটনেসবিহীন কোনো যানবাহন সড়কে নামানো যাবে না। একই সঙ্গে দক্ষ ও প্রশিক্ষিত চালক ছাড়া কাউকে গাড়ি চালাতে দেওয়া যাবে না। মহাসড়কে কোথাও যানবাহন পার্কিংয়ের সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।
বিজ্ঞাপন
এ ছাড়া মহাসড়ক ও ফুটপাতে যেন অবৈধ দোকানপাট বসতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
গাজীপুর হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খ. মো. শরীফুল আলম, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন এবং বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমান।
বিজ্ঞাপন
এ সময় নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওগাতুল আলমসহ পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ এবং নিরাপদ সড়ক আন্দোলনের সদস্যরাও উপস্থিত ছিলেন।








