বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে হাসলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যে অধিবেশন কক্ষে হাস্যরসের মুহূর্ত তৈরি হয়। তার বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানও হাসিমুখে টেবিল চাপড়ে প্রতিক্রিয়া জানান, যা কক্ষে উপস্থিত সদস্যদের মধ্যে মৃদু আনন্দ সৃষ্টি করে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সংসদ নেতা হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি দেশবাসীকে জানাতে চান, গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত এই রাজনৈতিক অর্জনের মধ্য দিয়ে দেশে আবারও সংসদীয় রাজনীতির নতুন সূচনা হলো।
পরবর্তীতে তিনি পাঁচবারের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের প্রস্তাব দেন। প্রস্তাবটি সমর্থন করেন সরকারদলীয় সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর বিরোধীদলীয় পক্ষ থেকেও সমর্থন জানানো হয়।
বিজ্ঞাপন
ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তার বক্তব্যে বলেন, ওনার বাড়ি কুমিল্লা, আমার বাড়িও কুমিল্লার কাছাকাছি। তার সঙ্গে আমার বিশেষ হৃদ্যতা রয়েছে। সব মিলিয়ে অত্যন্ত আনন্দচিত্তে সমর্থন জানাচ্ছি।
বক্তব্যের মৃদু রসিকতার সুরে তিনি আরও উল্লেখ করেন, বিরোধী দলের সঙ্গে পূর্বে আলোচনা করে যদি ড. খন্দকার মোশাররফ হোসেনকে সংসদের সভাপতি করা যেত, তা আরও ভালো হতো। ভবিষ্যতে প্রধানমন্ত্রী এমন গুরুত্বপূর্ণ বিষয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন বলে আশা রাখি।
বিজ্ঞাপন
এই মুহূর্তে অধিবেশন কক্ষে হাস্যরসের পরিবেশ বিরোধীদল ও সরকারদলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতিফলন হিসেবে দেখা যায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের টেবিল চাপড়ে প্রতিক্রিয়া প্রদর্শন ও বিরোধীদলীয় উপনেতার রসিক মন্তব্য মিলিতভাবে কক্ষের উত্তেজনাকে আনন্দময় রূপ দান করে।








