Logo

প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালবে: ভূমিমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
রাজশাহী
১৪ মার্চ, ২০২৬, ১৬:২৭
প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালবে: ভূমিমন্ত্রী
ছবি: সংগৃহীত

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশের প্রতিটি জেলায় প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

বিজ্ঞাপন

শনিবার (১৪ মার্চ) রাজশাহীর পবা উপজেলার বায়া ব্রিজ সংলগ্ন গাংগপাড়া খালে জেলা প্রশাসনের আয়োজিত ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান।

ভূমিমন্ত্রী বলেন, এ ধরনের কর্মসূচিতে কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন, স্টেজ বা বেলুন ওড়ানোর প্রয়োজন নেই। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নিয়মিত নদী, খাল ও নালা পরিষ্কার রাখলে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ করা সম্ভব। আমাদের এই অভিযান মূলত স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন নিশ্চিত করার পাশাপাশি নদীর প্রাচীন বৈচিত্র্য ও সেচ সুবিধা রক্ষার জন্য।’

বিজ্ঞাপন

মিজানুর রহমান মিনু আরও বলেন, বারনই নদী প্রাচীন একটি নদী। বাংলাদেশের নেত্রী শহীদ জিয়াউর রহমানের সময় খাল খননের মাধ্যমে মৎস্যজাত ও সেচ সুবিধা ফিরিয়ে আনা হয়েছিল। বর্তমান সরকারের উদ্যোগে সেই ঐতিহ্যকে ধরে রেখে নদী পরিষ্কার করার মাধ্যমে ডেঙ্গু ও অন্যান্য রোগ থেকে জনগণকে রক্ষা করা হবে।

রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, দীর্ঘ ১৭ বছরের জঙ্গল পরিষ্কার করা অত্যন্ত জরুরি। কে জঙ্গল তৈরি করেছে তা নিয়ে বিতর্কের চেয়ে গুরুত্বপূর্ণ হলো, এখন সেই জঙ্গল পরিষ্কার করা। নদী-নালা পরিষ্কার রাখলে রোগ প্রতিরোধে সহায়তা পাওয়া সম্ভব।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ। এতে জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও নওহাটা পৌরসভার সমন্বয়ে এ কর্মসূচি ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সারাদেশে সম্প্রসারিত করা হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD