Logo

খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
জেলা প্রতিনিধি
দিনাজপুর
১৬ মার্চ, ২০২৬, ১৩:৫০
খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে পানি নিষ্কাশন, সেচব্যবস্থা উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিয়ে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। দিনাজপুরে একটি খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধনের মধ্য দিয়ে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

বিজ্ঞাপন

সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ একটি খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়। একই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের আরও ৫৪টি জেলায় খাল খনন কার্যক্রমের সূচনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও পলি জমে অনেক খাল নাব্যতা হারিয়েছে। এসব খাল পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক করা, কৃষিজমিতে সেচ সুবিধা বাড়ানো এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমানোই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ বিষয়ক মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং সমাজকল্যাণ ও মহিলা-শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

এ ছাড়া দিনাজপুরের বিভিন্ন আসনের সংসদ সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এবং দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া অনুষ্ঠানে যোগ দেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের গ্রামীণ অর্থনীতি ও কৃষি খাতকে শক্তিশালী করতে খাল, বিল ও জলাশয় পুনরুদ্ধার অত্যন্ত গুরুত্বপূর্ণ। খালগুলো পুনঃখননের মাধ্যমে কৃষকদের সেচ সুবিধা বাড়বে এবং বর্ষাকালে অতিরিক্ত পানির চাপও সহজে নিষ্কাশন করা সম্ভব হবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে দেশের আরও বিভিন্ন এলাকায় খাল পুনঃখনন কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা যায়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD