Logo

মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রধানমন্ত্রীর ওমরাহ সফর স্থগিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ মার্চ, ২০২৬, ১৪:১৩
মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রধানমন্ত্রীর ওমরাহ সফর স্থগিত
প্রধানমন্ত্রী তারেক রহমান | ফাইল ছবি

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার পবিত্র ওমরাহ পালনের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা স্থগিত করতে হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নির্ধারিত সফরসূচি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ। তিনি জানান, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তারও সৌদি আরবে যাওয়ার প্রস্তুতি ছিল। কিন্তু আঞ্চলিক অস্থিতিশীলতার কারণে শেষ পর্যন্ত সফরটি বাস্তবায়ন সম্ভব হয়নি।

প্রতিমন্ত্রী বলেন, ঈদুল ফিতর উপলক্ষে সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের পরিকল্পনা ছিল। তবে ইরানকে কেন্দ্র করে শুরু হওয়া যুদ্ধ পরিস্থিতির কারণে সেই পরিকল্পনা থেকে সরে আসতে হয়েছে।

বিজ্ঞাপন

এটি প্রথমবার নয়, এর আগেও কয়েক দফা আলোচনায় এসেছিল তারেক রহমানের ওমরাহ সফরের বিষয়টি। গত বছরের ডিসেম্বরে লন্ডন থেকে দেশে ফেরার আগে এই সফর নিয়ে আলোচনা চললেও তা বাস্তবায়িত হয়নি। সে সময় তার সঙ্গে যাওয়ার কথা ছিল তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের।

দলীয় সূত্র জানায়, সর্বশেষ ২০১৬ সালের সেপ্টেম্বরে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব সফর করেন তারেক রহমান। সে সময় তার সঙ্গে ছিলেন তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এর আগে ২০১৪ সালেও তিনি তার মায়ের সঙ্গে ওমরাহ পালন করেন এবং পরে লন্ডনে ফিরে যান।

বিজ্ঞাপন

এদিকে মধ্যপ্রাচ্যে বর্তমানে উত্তেজনা চরমে পৌঁছেছে। মার্চের শুরুতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পরিস্থিতির অবনতি ঘটে। পরবর্তীতে ইরান পাল্টা প্রতিক্রিয়ায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও লেবাননসহ বিভিন্ন দেশে হামলা চালায় বলে জানা গেছে। ফলে পুরো অঞ্চলে অস্থিরতা বিরাজ করছে, যা আন্তর্জাতিক সফর পরিকল্পনায় বড় ধরনের প্রভাব ফেলছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD