শবে কদরের ছুটিতেও সচিবালয়ে ব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটি থাকলেও দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছুটির দিনেও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান বলে মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র নিশ্চিত করেছে। জানা গেছে, ছুটির দিন হওয়া সত্ত্বেও এদিন দুপুরেই মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেছেন তিনি।
আরও পড়ুন: ১৯ বছর পর চাকরিতে ফিরছেন ৩৩০ পুলিশ সদস্য
দুপুর ২টায় সচিবালয়ের ১ নম্বর ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হবে এ বৈঠক, যেখানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নিজেই। বৈঠকে দেশের সাম্প্রতিক নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
মন্ত্রিসভার বৈঠকের আগে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন। এতে দেশীয় প্রযুক্তিতে আধুনিক ভ্যাকুয়াম মেশিন তৈরি করে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের বিষয়টি গুরুত্ব পাবে বলে জানা গেছে।
এছাড়া ‘কৃষক কার্ড’ কার্যক্রমের অগ্রগতি নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলাদা বৈঠক করবেন প্রধানমন্ত্রী। কৃষকদের সহায়তায় এই কর্মসূচির বাস্তবায়ন কতদূর এগিয়েছে, তা পর্যালোচনা করা হবে।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মন্ত্রিসভার বৈঠকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ নানা বিষয় গুরুত্ব পেতে পারে। বিশেষ করে ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন ঈদুল ফিতর উদযাপন ঘিরে প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।
উল্লেখ্য, আজ পবিত্র শবে কদরের সরকারি ছুটি। পাশাপাশি বুধবারও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে। তবে ছুটির এই সময়েও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সক্রিয় রয়েছেন প্রধানমন্ত্রী।








