Logo

ঈদের পর ‘লাল বাড়ি’র বাসিন্দা হচ্ছেন বিরোধীদলীয় নেতা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ মার্চ, ২০২৬, ১৬:২০
ঈদের পর ‘লাল বাড়ি’র বাসিন্দা হচ্ছেন বিরোধীদলীয় নেতা
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পর রাজধানীর মিন্টো রোডের ঐতিহাসিক সরকারি বাসভবনে আবারও বসবাস শুরু হতে যাচ্ছে বিরোধীদলীয় নেতার। ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঈদের পর ওই বাসায় উঠবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

ইতোমধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে মিন্টো রোডের ২৯ নম্বর বাসভবনটি তার নামে বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে বাসাটির সংস্কার কাজ চলছে এবং তা প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী জানান, সরকারিভাবে যেসব বাসা বুঝে পাওয়া গেছে, সেগুলোর সংস্কার দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। কিছু বাংলো ঈদের আগেই বুঝিয়ে দেওয়া সম্ভব হবে, আর বাকিগুলো ঈদের পর হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

মিন্টো রোডের এই বাড়িটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা হিসেবে পরিচিত। ব্রিটিশ আমলে প্রায় আড়াই একর জমির ওপর নির্মিত দোতলা লাল রঙের ভবনটি ‘লাল বাড়ি’ নামেও পরিচিত।

১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই বাসভবনে ওঠেন। এরপর ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত এখানে অবস্থান ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সে সময় বাড়িটি ছিল রাজনৈতিক কর্মকাণ্ডের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু।

তবে ২০০১ সালে বাসাটি খালি হওয়ার পর দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে সেখানে আর কোনো বিরোধীদলীয় নেতা বসবাস করেননি। ফলে একসময় প্রাণবন্ত এই বাসভবন অনেকটাই নিস্তব্ধ হয়ে পড়ে।

বিজ্ঞাপন

বর্তমানে ডা. শফিকুর রহমানের বসবাসের মাধ্যমে সেই ঐতিহ্যবাহী বাসভবনে আবারও রাজনৈতিক কর্মকাণ্ডের সজীবতা ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে জামায়াতের নেতাকর্মীরা কয়েক দফায় বাসভবনটি পরিদর্শন করে প্রস্তুতি কার্যক্রম তদারকি করেছেন।

সবকিছু ঠিক থাকলে ঈদের পরই আনুষ্ঠানিকভাবে সেখানে ওঠার কথা রয়েছে বিরোধীদলীয় নেতার, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD