Logo

নারীর সমঅধিকার-ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ মার্চ, ২০২৬, ১২:০২
নারীর সমঅধিকার-ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারীর সমঅধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে পুনরায় উল্লেখ করেছেন ড. খলিলুর রহমান। তিনি বলেন, নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচার নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।

বিজ্ঞাপন

নিউইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার (১৭ মার্চ) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নারীর অবস্থা বিষয়ক কমিশনের ৭০তম অধিবেশন (সিএসডব্লিউ৭০)-এ বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বেইজিং ঘোষণা ও কর্মপরিকল্পনা এবং ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বাংলাদেশের পূর্ণ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা কেবল একটি লক্ষ্য নয়, বরং এটি একটি মৌলিক অধিকার।

বিজ্ঞাপন

তিনি উল্লেখ করেন, পরিচয় বা আর্থ-সামাজিক অবস্থান নির্বিশেষে সব নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচার উন্মুক্ত হতে হবে, যাতে তারা নির্ভয়ে ও কোনো প্রতিবন্ধকতা ছাড়াই আইনি সুরক্ষা লাভ করতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানগুলোতে বাংলাদেশি নারীদের গুরুত্বপূর্ণ অবদান বিশেষভাবে লক্ষণীয়।

বিজ্ঞাপন

ড. রহমান আরও উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক অস্থিরতা, সংঘাত এবং ডিজিটাল বিভাজন নতুন প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, যা বিশেষভাবে গ্রামীণ ও ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের নারীদের উপর প্রভাব ফেলে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ নারী নেতৃত্বের মাধ্যমে বিচার ব্যবস্থাকে শক্তিশালী করণ এবং মানবপাচার প্রতিরোধে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব করছে।

উল্লেখ্য, ২০২৬ সালের ৯ থেকে ১৯ মার্চ পর্যন্ত নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের নারীর অবস্থা বিষয়ক কমিশনের ৭০তম অধিবেশন, যেখানে সব নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়টি গুরুত্বসহকারে আলোচিত হচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD