ঈদের নামাজ একসঙ্গে আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে। সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হবে জামাত, যা এবার দেশের জন্য বিশেষ তাৎপর্য বহন করছে। বিশেষ তা হলো, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে এই জামাতে অংশগ্রহণ করবেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ মার্চ) জামাতের প্রস্তুতি পরিদর্শনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের জানান, দীর্ঘদিন পর স্বাধীন ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের প্রথম ঈদুল ফিতর। প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের সম্মতি দিয়েছেন। সাধারণ মুসল্লিদের জন্য এটি বিরল সুযোগ, কারণ তারা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে একই জামাতে নামাজ আদায় করতে পারবেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এবং ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।
বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী মীর শাহে আলম আরও জানান, এবারের ঈদযাত্রা আগের তুলনায় অনেক স্বস্তিদায়ক হয়েছে। নৌ, রেল ও সড়কপথে মানুষ নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন। একই সঙ্গে সার্বিক নিরাপত্তা ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে, যাতে মুসল্লিরা আরামদায়কভাবে জামাতে অংশ নিতে পারেন।
এবারের জামাতটি দেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্তও বটে, কারণ দীর্ঘদিন পর রাষ্ট্রের দুটি সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত নেতা একসঙ্গে ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করবেন। সাধারণ মুসল্লিদের জন্য আলাদা এবং সুসজ্জিত নামাজের স্থানসহ নিরাপত্তার সব ব্যবস্থা ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম বলেন, নারী ও পুরুষ মুসল্লিদের জন্য আলাদা নামাজের স্থান, ওজুর সুব্যবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। যাতে বৃষ্টিসহ যেকোনো পরিস্থিতিতেও জামাত নির্বিঘ্নে সম্পন্ন হয়।








