বিটিভির প্রতি মানুষের আস্থা এখন শূন্যের কোঠায়: তথ্যমন্ত্রী

দেশের সর্ববৃহৎ রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রতি মানুষের আস্থা এখন শূন্যের কোঠায় -এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। মন্ত্রী জানান, এটি তার জন্য একটি বড় চ্যালেঞ্জ, যা তিনি জনগণের আস্থাভাজন সম্প্রচার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করার মাধ্যমে মোকাবিলা করতে চাইছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ মার্চ) বরিশালের গৌরনদী প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আমি আপ্রাণ চেষ্টা করছি মন্ত্রণালয়কে সময়োপযোগী এবং কার্যকরী হিসেবে দাঁড় করানোর জন্য। ইতোমধ্যেই মন্ত্রণালয়ের সবার সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছি।
বিজ্ঞাপন
মন্ত্রী আরও বলেন, আমরা নির্বাচনী সময়ে ওয়াদা করেছিলাম, গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করব। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বিটিভি এবং বাংলাদেশ রেডিওকে কীভাবে সময়োপযোগী করা যায়, সরকারের লক্ষ্য ও নীতির সঙ্গে কতটা স্বায়ত্তশাসন দেওয়া সম্ভব—এটাই আমাদের মূল চেষ্টার বিষয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম, জামায়াতে ইসলামীর বরিশাল জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা কামরুল ইসলাম খান, গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ, বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম খসরু, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সাবেক আহ্বায়ক আবুল হোসেন মিয়া, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম জুলফিকার ও সদস্য বিএম বেলাল।
বিজ্ঞাপন
ইফতার মাহফিলে দেশের গণমাধ্যমকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজনও করা হয়।








