শেষ দিনে ফাঁকা কমলাপুর, অর্ধেক যাত্রী নিয়েই ছেড়েছে ট্রেন

ঈদযাত্রার শেষ দিনে রাজধানীর ঢাকা রেলওয়ে স্টেশনে দেখা গেছে ভিন্ন চিত্র। শুক্রবার সকাল থেকে যাত্রী উপস্থিতি ছিল খুবই কম, ফলে অনেক ট্রেনই অর্ধেক আসন খালি রেখেই ছেড়ে গেছে।
বিজ্ঞাপন
সকালে স্টেশন ঘুরে দেখা যায়, আগের দিনের তুলনায় যাত্রী সংখ্যা অনেক কমে গেছে। টিকিট কাউন্টার ও প্ল্যাটফর্মে তেমন ভিড় নেই। যদিও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল স্বাভাবিক। যাত্রীদের প্রবেশের সময় টিকিট যাচাই করছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বাংলাদেশ রেলওয়ে সাধারণত ২৯ রমজান ধরে টিকিট বিক্রি করে থাকে। এবারও সেই নিয়মে ১৯ মার্চ পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি করা হয়। পরে চাঁদ দেখার সিদ্ধান্ত অনুযায়ী ২০ মার্চ ও ঈদের পরের দিন ২২ মার্চের টিকিট অনলাইনে ছাড়া হয়। তবে ঈদের দিন ২১ মার্চ কোনো আন্তঃনগর ট্রেন চলবে না।
বিজ্ঞাপন
স্টেশনে দেখা যায়, বৃহস্পতিবারের তুলনায় যাত্রী উপস্থিতি চারভাগের এক ভাগে নেমে এসেছে। অধিকাংশ ট্রেন নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে এবং কোচগুলোও প্রায় ফাঁকা।
যাত্রী সংকট ও বিলম্বের কারণে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ।
জামালপুরগামী এক যাত্রী জানান, আগে টিকিট না পাওয়ায় ঈদযাত্রা পিছিয়েছিলেন। পরে টিকিট পেয়ে এখন রওনা দিয়েছেন। ট্রেনে ভিড় না থাকায় যাত্রা অনেক স্বস্তির মনে হচ্ছে।
বিজ্ঞাপন
আরেক যাত্রী বলেন, শেষ দিনে এসে এত ফাঁকা স্টেশন আগে দেখেননি। ভিড়ের আশঙ্কা থাকলেও এবার যাত্রা নির্বিঘ্ন ও আরামদায়ক হচ্ছে।
স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটির হিসাব ও টিকিট ছাড়ার সময় পরিবর্তনের কারণে শেষ দিনে যাত্রী সংখ্যা কম দেখা যাচ্ছে।








