Logo

ঈদযাত্রায় পদ্মা-যমুনা সেতুতে যানবাহন ও টোল আদায়ে রেকর্ড

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ মার্চ, ২০২৬, ১১:৪৯
ঈদযাত্রায় পদ্মা-যমুনা সেতুতে যানবাহন ও টোল আদায়ে রেকর্ড
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে পদ্মা ও যমুনা সেতুতে এক দিনে সর্বোচ্চ যানবাহন চলাচল এবং টোল আদায়ের নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদযাত্রার প্রথম তিন দিনে পদ্মা সেতু দিয়ে মোট ১ লাখ ১৯ হাজার ৬৮২টি যানবাহন পারাপার হয়েছে। গত বছর একই সময়ে এ সংখ্যা ছিল ১ লাখ ৮০২টি। এ সময়ে টোল আদায় হয়েছে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকা, যা আগের বছরের তুলনায় বেশি।

অন্যদিকে, যমুনা সেতুতেও নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ১৮ মার্চ এক দিনে সর্বোচ্চ ৫১ হাজার ৩৮৪টি যানবাহন পারাপার হয়। একই দিনে টোল আদায় হয় ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা, যা আগের বছরের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।

বিজ্ঞাপন

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, যানবাহনের চাপ বৃদ্ধি পেলেও কোথাও বড় ধরনের যানজট বা দুর্ঘটনা ঘটেনি। এতে সড়ক ব্যবস্থাপনায় তাদের প্রস্তুতি ও সক্ষমতার প্রতিফলন দেখা গেছে।

এবার ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়। এর মধ্যে ছিল— টোল আদায় কার্যক্রমে দক্ষতা বাড়ানো, সব টোল লেন সচল রাখা, মোটরসাইকেলের জন্য আলাদা লেন বৃদ্ধি, নন-স্টপ ইটিসি চালু, বাস-বে উন্মুক্ত রাখা, সার্বক্ষণিক নজরদারি জোরদার, দ্রুত উদ্ধার কার্যক্রম নিশ্চিত করা এবং জরুরি সহায়তা ও চিকিৎসাসেবা প্রদান।

এসব উদ্যোগের ফলে এবারের ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD