Logo

পঞ্চম ও শেষ জামাতেও কানায় কানায় পূর্ণ বায়তুল মোকাররম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ মার্চ, ২০২৬, ১২:২৯
পঞ্চম ও শেষ জামাতেও কানায় কানায় পূর্ণ বায়তুল মোকাররম
ছবি: সংগৃহীত

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শনিবার (২১ মার্চ) সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের পঞ্চম ও শেষ জামাত। ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ এই জামাতে ইমামতি করেন।

বিজ্ঞাপন

সারাদিন ব্যাপী প্রথম চারটি জামাতের মতো শেষ জামাতেও কয়েক হাজার মুসল্লি উপস্থিত ছিলেন। তবে প্রথম দুটি জামাতের তুলনায় মুসল্লির সংখ্যা কিছুটা কম ছিল।

বিশেষভাবে লক্ষ্য করা যায়, শেষ জামাতে যুবকদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কম। প্রতিটি জামাতের আগে অনেক মুসল্লিকে সাদাকাতুল ফিতরের অর্থ বিতরণ করতে দেখা গেছে।

বিজ্ঞাপন

এর আগে সকাল ৭টায় সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান প্রথম জামাতের ইমামতি করেন। দ্বিতীয় জামাত সকাল ৮টায় মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, তৃতীয় জামাত সকাল ৯টায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন এবং চতুর্থ জামাত সকাল ১০টায় ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারীর ইমামতিতে অনুষ্ঠিত হয়েছিল।

প্রত্যেক জামাতে মুসল্লিরা দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন। মোনাজাতে আল্লাহর কাছে গুনাহ মাফের প্রার্থনা, দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি, দেশের উপর বালা-মুসিবত থেকে মুক্তি, রমজান মাসের রোজা ও অন্যান্য এবাদত কবুলের জন্য প্রার্থনা এবং মৃত আত্মীয়-স্বজনের জন্য জান্নাত কামনা করা হয়। এছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে নিপীড়িত মুসলমানদের হেফাজতের জন্যও বিশেষ দোয়া করা হয়।

বিজ্ঞাপন

নামাজ শেষে মুসল্লিরা একে অপরকে মুসাফাহা (করমর্দন) ও মুআনাকা (কোলাকুলি) করেন। অনেকেই দীর্ঘ সময় তসবিহ পাঠ করেন এবং দুস্থ ও অসহায়দের মধ্যে অর্থ বিতরণ করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সহমর্মিতার মধ্য দিয়ে এভাবেই সমাপ্ত হয় বায়তুল মোকাররমে ঈদের জামাতের শেষ পর্ব।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD