Logo

মালয়েশিয়াসহ বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ সরকারের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ মার্চ, ২০২৬, ১৮:৩৩
মালয়েশিয়াসহ বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ সরকারের
ছবি: সংগৃহীত

মালয়েশিয়াসহ বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু এবং অভিবাসন ব্যয় নির্ধারণে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মালয়েশিয়াসহ বন্ধ থাকা শ্রমবাজারগুলো দ্রুত চালু এবং থাইল্যান্ডসহ নতুন বাজারে জনশক্তি রপ্তানির জটিলতা দূর করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে কিছু দেশে নির্দিষ্ট কম্পানির একচেটিয়া নিয়ন্ত্রণের কারণে অভিবাসন ব্যয় বেড়ে যাওয়ায় সরকার নির্ধারিত ব্যয় কাঠামো প্রণয়নের কাজ করছে।

প্রতিমন্ত্রী বলেন, নির্দিষ্ট ব্যয় নির্ধারণ করা হলে অতিরিক্ত অর্থ আদায় কমবে এবং সিন্ডিকেট ভেঙে দেওয়া সম্ভব হবে।

বিজ্ঞাপন

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে তিনি বলেন, এ বিষয়ে দুই দেশের সরকারি পর্যায়ে আলোচনা চলছে এবং শিগগিরই ইতিবাচক অগ্রগতি আসার আশা করা হচ্ছে। এতে উল্লেখযোগ্যসংখ্যক কর্মী পাঠানো সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি বাংলাদেশের শ্রমবাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে না জানিয়ে তিনি বলেন, বরং যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনে বাংলাদেশি কর্মীদের চাহিদা বাড়তে পারে। এজন্য কর্মীদের ভাষা দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD