স্বাধীনতার মূল লক্ষ্য সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক বার্তায় তিনি দেশ-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বিজ্ঞাপন
বার্তায় তিনি উল্লেখ করেন, ২৬ মার্চ জাতির জন্য এক গৌরবময় দিন। এ উপলক্ষে তিনি স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি মুক্তিযোদ্ধা, নির্যাতিত নারী এবং স্বাধীনতা সংগ্রামে অবদান রাখা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা দিবস আমাদের সাহস, ত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে জাগ্রত করে। দেশের লক্ষ্য ছিল বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া—সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ধরে রাখতে জাতীয় ঐক্য, পারস্পরিক সহনশীলতা ও দেশপ্রেমকে গুরুত্ব দিতে হবে। স্বাধীনতার চেতনাকে ধারণ করে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
শেষে স্বাধীনতা দিবস উপলক্ষে নেওয়া সব কর্মসূচির সফলতা কামনা করেন প্রধানমন্ত্রী।








