বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আজ মঙ্গলবার (২৮ জুলাই) প্রথমবারের মতো বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম পরিচালনা করবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, তিনি দুপুর ১২টার দিকে বঙ্গভবনে পৌঁছে রাষ্ট্রপতির কার্যালয়ের আনুষ্ঠানিক দায়িত্ব পালন শুরু করবেন।
বিজ্ঞাপন
তবে দাফতরিক কাজ বঙ্গভবন থেকে পরিচালনা করলেও তিনি আপাতত স্পিকারের সরকারি বাসভবনেই অবস্থান করবেন বলে জানা গেছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে গত শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। যদিও সংবিধান অনুযায়ী তিনি পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন, তবে দায়িত্ব পালনের তিন বছর তিন মাসের মাথায় তিনি পদত্যাগ করেন। তার পদত্যাগের পর একই দিন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
বিজ্ঞাপন
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। গত রোববার সকালে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে অনুভূতি লিখে স্বাক্ষরও করেন।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর প্রধানসহ সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরে সেখান থেকে রাজধানীর জিয়া উদ্যানে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরেও শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। দুপুর সাড়ে ১২টার দিকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি তাদের স্মৃতির প্রতি সম্মান জানান।
বিজ্ঞাপন
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে আজকের এই প্রথম দাফতরিক কার্যক্রমকে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যদিও তার আবাসন আপাতত স্পিকারের সরকারি বাসভবনেই থাকছে, তবুও রাষ্ট্রীয় দায়িত্ব ও প্রশাসনিক কার্যক্রম তিনি নিয়মিতভাবে বঙ্গভবন থেকেই পরিচালনা করবেন।








