Logo

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ জুলাই, ২০২৬, ১৫:৪৮
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
ছবি: সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে স্পিকারের সঙ্গে সাক্ষাতের জন্য আনুষ্ঠানিকভাবে সময় চেয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সংসদ সচিবকে পাঠানো ইসি সচিব আখতার আহমেদের এক চিঠিতে জানানো হয়, সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় রাষ্ট্রপতি পদটি শূন্য হয়েছে। সংবিধানের বাধ্যবাধকতা অনুযায়ী শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫ ধারার বিধান অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে স্পিকারের সঙ্গে আলোচনা করার বাধ্যবাধকতা রয়েছে। এই আলোচনার প্রেক্ষিতেই সিইসির সাক্ষাতের সময় নির্ধারণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

চিঠি থেকে আরও জানা যায়, বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে অন্য সব নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন। এছাড়াও সহায়তামূলক কর্মকর্তা হিসেবে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এবং সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম স্পিকারের দপ্তরে অবস্থান করবেন।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬-এর তফসিল ঘোষণা, নির্বাচন আয়োজনের প্রস্তুতি এবং সার্বিক কার্যক্রমের রূপরেখা এই বৈঠকে চূড়ান্ত করা হতে পারে। সংশ্লিষ্টরা মনে করছেন, সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসরণ করে নির্বাচন আয়োজনের পরবর্তী ধাপ নির্ধারণে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD