সরকার চায় না উন্নত চিকিৎসার জন্য কেউ বিদেশে যাক

দেশের মানুষকে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করে বিদেশে চিকিৎসার প্রয়োজন কমিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়কমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হলো কোনো মানুষ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন।
বিজ্ঞাপন
সোমবার (২৭ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে বিশ্ব মাথা ও ঘাড় ক্যান্সার দিবস-২০২৬ উপলক্ষে এভিটি ক্যান্সার সেন্টারের উদ্বোধন এবং ক্যান্সার রোগী ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ সহায়তা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, সরকার অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশের ভেতরেই উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে। এজন্য চিকিৎসার জন্য বিদেশমুখিতা কমিয়ে দেশে মানসম্মত স্বাস্থ্যসেবা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, মূক ও বধির ব্যক্তিদের অনেক ক্ষেত্রেই যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সুযোগ রয়েছে। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে ব্যাপক প্রচারণা প্রয়োজন, যাতে মানুষ সময়মতো চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
এ জেড এম জাহিদ হোসেন জানান, ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি কার্যক্রম আরও বিস্তৃত করতে অডিও-ভার্বাল থেরাপির ওপর দক্ষ জনবল গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ কোর্স চালুর মাধ্যমে দেশের আরও বিভিন্ন হাসপাতালে এ সেবা সম্প্রসারণের উদ্যোগ নিতে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটকে আহ্বান জানান তিনি।








