Logo

আকস্মিক পরিদর্শনে দুই চিকিৎসকসহ তিনজনকে বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই, ২০২৬, ২১:০৭
আকস্মিক পরিদর্শনে দুই চিকিৎসকসহ তিনজনকে বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করে দুই চিকিৎসকসহ তিনজনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বিজ্ঞাপন

রবিবার (২৬ জুলাই) সকালে হঠাৎ করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনের সময় অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় চিকিৎসক ডা. তন্নিকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। একই সঙ্গে হাসপাতালের একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক নৈশপ্রহরীকেও সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।

পরে স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে হাসপাতালের রান্নাঘর, ওয়ার্ড ও ওয়াশরুম ঘুরে দেখার পাশাপাশি রোগীদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে এক মাসের ছুটি শেষ হওয়ার পরও দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় চিকিৎসক ডা. সোহানা সেলিমকে বরখাস্তের নির্দেশ দেন। এরপর তিনি সাতক্ষীরা সদর হাসপাতালও পরিদর্শন করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে রোগীর তুলনায় চিকিৎসকের সংখ্যা এখনো অপ্রতুল। গত ১৭ বছরে প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে নানা সংকট তৈরি হয়েছে।

তিনি জানান, চিকিৎসাসেবা আরও সম্প্রসারণের লক্ষ্যে ৫০ শয্যার হাসপাতালগুলোকে ধাপে ধাপে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রতিটি জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হবে। এছাড়া ১০১ শয্যার ফিজিওথেরাপি ইউনিট ও আধুনিক প্যাথলজি সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে সব উপজেলায় সম্প্রসারণ করা হবে। ভবিষ্যতে ১০ শয্যার হাসপাতালেও ডায়ালাইসিস সেবা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোকে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে খুব শিগগিরই ই-হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে, যা প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে বাস্তবায়ন করা হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD