Logo

শাহজালালের তৃতীয় টার্মিনালের জন্য আসছে বড় বিনিয়োগ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৪২
শাহজালালের তৃতীয় টার্মিনালের জন্য আসছে বড় বিনিয়োগ
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে দ্বিতীয় যাত্রীসেবা অপারেটর হিসেবে কাজের সুযোগ পেলে বাংলাদেশে প্রথম বছরেই ১২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে যুক্তরাজ্যভিত্তিক বৈশ্বিক এভিয়েশন সেবা প্রতিষ্ঠান মেনজিস অ্যাভিয়েশন। একই সঙ্গে এক হাজারের বেশি সরাসরি কর্মসংস্থান তৈরির পরিকল্পনাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মেনজিসের কর্মকর্তারা তাদের প্রস্তাবিত বিনিয়োগ ও কর্মসংস্থান পরিকল্পনার কথা জানান।

প্রতিষ্ঠানটির হিসাবে, তাদের কার্যক্রমের ফলে বাংলাদেশের অর্থনীতি ও সরবরাহ ব্যবস্থায় আরও ৪ হাজার ৫০০টির বেশি পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মেনজিস অ্যাভিয়েশন তৃতীয় টার্মিনালে যাত্রীসেবা পরিচালনার চুক্তি পেতে চেলেবি এভিয়েশন, ডানাটা, সুইসপোর্ট ও স্যাটসের মতো আন্তর্জাতিক গ্রাউন্ড-হ্যান্ডলিং প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) তৃতীয় টার্মিনালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাশাপাশি দ্বিতীয় গ্রাউন্ড-হ্যান্ডলিং অপারেটর নিয়োগের উদ্যোগ নিয়েছে।

সংবাদ সম্মেলনে মেনজিস অ্যাভিয়েশনের মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়া অঞ্চলের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলি এবং মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের অপারেশনসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জন হেন্ডারসন বক্তব্য দেন। ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পরিচালক সাকিব এরশাদও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

মেনজিস জানিয়েছে, প্রস্তাবিত বিনিয়োগের বড় অংশ বিমানবন্দরের গ্রাউন্ড-হ্যান্ডলিং কার্যক্রম, প্রযুক্তি, কর্মীদের প্রশিক্ষণ এবং বাংলাদেশের স্থানীয় এভিয়েশন সক্ষমতা উন্নয়নে ব্যয় করা হবে। প্রতিষ্ঠানটি ঢাকায় একটি মেনজিস ট্রেনিং একাডেমি স্থাপনের পরিকল্পনাও করেছে। সেখানে আন্তর্জাতিক মানের বিমান চলাচল-সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের জন্য দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরির কথা জানিয়েছে তারা।

এ ছাড়া স্থানীয় বিশ্ববিদ্যালয়, কলেজ ও এভিয়েশন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে প্রশিক্ষণ কর্মসূচি, ইন্টার্নশিপ এবং গ্র্যাজুয়েটদের ক্যারিয়ার পথ তৈরির পরিকল্পনা রয়েছে মেনজিসের।

কোম্পানিটির কর্মকর্তারা বলছেন, এর মাধ্যমে আন্তর্জাতিক জ্ঞান ও দক্ষতা বাংলাদেশে স্থানান্তরের পাশাপাশি স্থানীয় পর্যায়ে পরিচালন, কারিগরি ও ব্যবস্থাপনা সক্ষমতা বাড়ানো সম্ভব হবে।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির পরিকল্পনায় স্থানীয়ভাবে ইউনিফর্ম ও অন্যান্য সরঞ্জাম সংগ্রহ বা উৎপাদনের বিষয়টিও রয়েছে। মেনজিসের ধারণা, এতে বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতের ব্যবসায়িক সুযোগ বাড়তে পারে এবং তাদের সরবরাহ ব্যবস্থায় স্থানীয় অংশগ্রহণও বৃদ্ধি পাবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কোম্পানিটি আরও জানিয়েছে, স্থানীয় নিয়োগ, পেশাগত প্রশিক্ষণ, নেতৃত্বের বিকাশ এবং দীর্ঘমেয়াদি জ্ঞান হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশে একটি দক্ষ ও টেকসই এভিয়েশন কর্মীভিত্তি গড়ে তুলতে চায় তারা।

প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশি কর্মীরা ভবিষ্যতে মেনজিসের আন্তর্জাতিক নেটওয়ার্কের বিভিন্ন বিমানবন্দরেও কাজের সুযোগ পেতে পারেন।

দ্বিতীয় অপারেটর নির্বাচনে রাজনৈতিক বা ভূরাজনৈতিক প্রভাবের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ব্রিটিশ হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পরিচালক সাকিব এরশাদ বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে, এটি ভূরাজনৈতিক প্রভাবের পরিবর্তে ন্যায্য প্রতিযোগিতার ভিত্তিতেই হবে।’

বিজ্ঞাপন

মেনজিসের প্রস্তাবিত বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশে বাণিজ্যিক সম্পৃক্ততা বাড়ার পাশাপাশি দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হতে পারে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। তৃতীয় টার্মিনালে দ্বিতীয় যাত্রীসেবা অপারেটর যুক্ত হলে গ্রাউন্ড-হ্যান্ডলিং খাতে প্রতিযোগিতা বাড়ার পাশাপাশি সেবার মান উন্নয়নের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD