স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টার দিকে তারা স্মৃতিসৌধে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি সম্মান জানান। এ সময় তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। এরপর প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে পুনরায় শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকায় ফেরার পথে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।
বিজ্ঞাপন
এদিন সকাল ৯টা ৪৫ মিনিটে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অংশ নেবেন।
এদিকে, স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী দেশবাসীসহ প্রবাসে থাকা সব বাংলাদেশিকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ২৬ মার্চ জাতির ইতিহাসে এক গৌরবময় দিন। শহীদদের আত্মত্যাগের বিনিময়েই স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ অর্জিত হয়েছে। পাশাপাশি মুক্তিযুদ্ধে অবদান রাখা বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিত নারী ও স্বাধীনতার সংগ্রামে যুক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।








